পাকিস্তানে (Pakistan) এক অস্ট্রেলিয়ান পরিবারের গাড়িতে নির্বিচারে গুলি চালাল পুলিশ। গুলিতে ঝাঁঝরা গাড়িতে থাকা ৯ বছরের এক শিশুকন্যা। গুরুতর আহত ওই শিশুকন্যার বাবা ও দাদা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল জেলায়। নিহত শিশুর নাম হানিয়া আহমেদ।
সূত্রের খবর, পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল জেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল এই অস্ট্রেলিয়ান পরিবারটি। বুধবার রাতে একটি গাড়ি করে তাঁরা ফিরছিলেন। গাড়িটির যেই পথ দিয়ে যাওয়ার কথা সেখানে পুলিশ অভিযান চালিয়েছিল। তাদের কাছে খবর ছিল, সেই এলাকায় একটি ডাকাত দল ঘাঁটি গেড়েছে। পুলিশকে দেখতে পেয়েই ওই ডাকাত দলের সদস্যরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। সেই সময়ই অস্ট্রেলিয়ান পরিবারের গাড়িটি ওই এলাকায় এসে পৌঁছলে পুলিশের সন্দেহ হয় গাড়িটি ওই ডাকাত দলের। তখনই ওই গাড়ি লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ৯ বছরের ওই শিশুকন্যার শরীর (Pakistan)।
স্থানীয় সূত্রে খবর, ওই শিশুকন্যার পাশাপাশি গুরুতর আহত হন তার বাবা ও দাদা। গাড়িতে ওই শিশুকন্যার মাও ছিলেন। তিনি অল্পের জন্য রক্ষা পান। ঘটনার পর ওই শিশুকন্যাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই শিশুকন্যার বাবা ও দাদা।
পাকিস্তানি সংংবাদমাধ্যম ‘দ্য মিডিয়া লাইন’-এর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, হজ করে মক্কা থেকে দিন কয়েক আগেই ওই পরিবার পাকিস্তানে ফিরেছিল। ঘটনার দিন তাঁরা এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন। নির্বিচারে গুলি চালানোয় ইতিমধ্যেই এক পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।
এই ঘটনায় অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে, “এই কঠিন সময়ে আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁদের সমস্ত সহায়তায় আমরা পাশে আছি।”

