Site icon Hindustan News Point

Bangladesh: নিখোঁজের ৩ দিন পর ঝুলন্ত দেহ উদ্ধার মন্দিরের সেবায়েতের, বাংলাদেশে ফের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Bangladesh

বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে এক উদ্বেগ তৈরি হয়েছে। কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে তিনদিন ধরে নিখোঁজ থাকা এক হিন্দু মন্দির সেবায়েতের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নয়ন দাস বয়স ৩৫ । তিনি চট্টগ্রামের সাতকানিয়া এলাকার ফুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন এবং খুরুশকুল এলাকার পুলিশশোরা ঘোনা নাগ পঞ্চমী মন্দিরের পরিচর্যার দায়িত্বে ছিলেন। (Bangladesh)

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত রবিবার রাত প্রায় ৯ টা নাগাদ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নয়ন দাসকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। (Bangladesh)

এরপর স্থানীয় বাসিন্দা ও মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আশপাশের পাহাড়ি এলাকায় খোঁজ শুরু করেন। বুধবার দুপুরে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল মন্দিরের পূর্বদিকে একটি দুর্গম পাহাড়ি এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় নয়নের দেহ দেখতে পান। গলায় কাপড় পেঁচানো ছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কক্সবাজার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কক্সবাজার সদর থানার ওসি মহম্মদ সামিউদ্দিন জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। তবে মন্দিরের এক কর্মীর দাবি, নয়নের শরীরে আঘাতের চিহ্ন ছিল, ফলে হত্যার সন্দেহটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে। (Bangladesh)

শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার একাধিক অভিযোগ উঠে আসছে। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে বাংলাদেশে সংখ্যালঘুরা আদৌ কতটা নিরাপদ? শুধু তদন্তের আশ্বাস নয়, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিও জোরালো।


Exit mobile version