নেপালে প্রধানমন্ত্রীর আসনে বসে বড় সিদ্ধান্ত নিলেন বলেন্দ্র শাহ (Blender Shah)। শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মোট ১০০ দফা পরিকল্পনার ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। যেগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নেপালের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে আর থাকবে না রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। সরকারি অফিস বা প্রতিষ্ঠানগুলিতেও কোনও রাজনৈতিক শ্রমিক সংগঠন থাকবে না। আগামী দিনে এই পরিকল্পনাই বাস্তবায়িত করতে চাইছে সে দেশের নতুন সরকার। আগামীর সেই পরিকল্পনায় ইতিমধ্যে অনুমোদন দিয়েছে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের মন্ত্রিসভা।
ছাত্রদের আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছেন বলেন্দ্র। অথচ সেই ছাত্র রাজনীতিতেই নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তাঁর তরফে। সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে নেপালের রাজনীতিতে। ক্ষমতায় এসেই বলেন্দ্র জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে রাজনৈতিক ছাত্র সংগঠন সরানোর নির্দেশ দিয়েছেন। তার বদলে ৯০ দিনের মধ্যে ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অফ স্টুডেন্টস’-এর মতো অরাজনৈতিক সংগঠন গঠনের কথা বলা হয়েছে।
বলেন্দ্রের নেতৃত্বে গত শুক্রবার প্রথম বৈঠকে বসেছিল সে দেশের নবগঠিত মন্ত্রিসভা। নতুন সরকারের আগামীর রূপরেখা কেমন হবে, তা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। সরকারের মোট ১০০ দফা পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তার মধ্যে দু’টি সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সরকারের দাবি, ছাত্র সংগঠনগুলির কারণে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে হিংসা, ভাঙচুর চলে। শিক্ষার পরিবেশও নষ্ট হচ্ছে। তবে সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে পারে।
শুধু ছাত্র রাজনীতি নয়, সরকারি কর্মচারী ও শিক্ষকদেরও রাজনৈতিক সম্পর্ক রাখার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি দফতরে থাকা দলীয় ট্রেড ইউনিয়নও বাতিল করা হবে। বলেন্দ্র শাহের (Blender Shah) সমর্থকদের মতে, এতে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতি আসবে। তবে বিরোধীদের অভিযোগ, এতে কর্মীদের অধিকার ক্ষুণ্ন হতে পারে এবং ভিন্নমতকে গুরুত্ব দেওয়া হবে না।
সংস্কারের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় প্রাক্তন মন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে। এছাড়া, এক নাবালিকা গৃহকর্মীর উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগে বিধায়ক রেখা শর্মাকেও গ্রেফতার করা হয়েছে।

