Site icon Hindustan News Point

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে মৃত ৪০, আহত অন্তত ৮

Bus Accident

শুক্রবার সাত সকালে পাকিস্তানের ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দেওয়া একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে হঠাৎই গভীর খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় মহিলা এবং শিশুসহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। (Bus Accident)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাসটি বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পৌঁছনোর পর পাহাড়ি বাঁক ঘোরার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে অনুমান, বাসটির ব্রেক আচমকাই বিকল হয়ে যাওয়ার ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগতির রাজনৈতিক সহকারী শাহিদ রিন্দ জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। তিনি বলেন, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া—দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট দফতরগুলি একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।

উদ্ধারকারী সংস্থার দাবি, দুর্ঘটনার সময় বাসে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। যদিও পাকিস্তানের সংবাদপত্র ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি কোয়েটা থেকে ছাড়ার সময় তাতে ৩৬ জন যাত্রী ছিলেন। পরে পথে বিভিন্ন জায়গা থেকে আরও যাত্রী ওঠেন। (Bus Accident)

তৃতীয়বার সংসার পাতছেন আমির খান, ৫ জুলাই ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে গৌরী স্প্র্যাটের সঙ্গে

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানিয়েছেন, মৃত ও আহতদের পরিচয় জানার কাজ এখনও চলছে। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানতেও তদন্ত শুরু করেছে প্রশাসন।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই শোকের মুহূর্তে গোটা দেশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। (Bus Accident)


Exit mobile version