আরও জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এরই মাঝে আরও এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গিয়েছেন। ফক্স নিউজকে (Fox News) দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ও ইজরায়েলি যৌথ সামরিক অভিযানের সফলতা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলা শুরু হওয়ার পরই ট্রাম্পের এই বিস্ফোরক বক্তব্য সামনে আসে (Donald trump on mojtaba khamenei)।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, খামেনেইর মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনেই মার্কিন হামলায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। তারপর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। এমনকি প্রয়াত পিতা তথা ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। এই আবহে ট্রাম্পের এই মন্তব্য মোজতবার শারীরিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে (Donald trump on mojtaba khamenei)।
ট্রাম্প বলেন, “ওদের (ইরান) কোনও নৌবাহিনী নেই। বায়ুসেনাও নেই। সব শেষ হয়ে গিয়েছে। ওদের নেতারাও নিহত হয়েছেন। সবাই মারা গিয়েছেন। খামেইনিও শেষ।”
ট্রাম্প আরও দাবি করেন যে ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “তাঁরা শেষ হয়ে গেছে। খামেনেই শেষ,” ট্রাম্প ১৯৮৯ সালে প্রয়াত ইরানি বিপ্লবী নেতার নাম উল্লেখ করলেও, সাক্ষাৎকারে তিনি সম্ভবত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই নিহত হওয়া আলি খামেনেইয়ের কথাই বোঝাচ্ছিলেন। ট্রাম্প আরও যোগ করেন, “তার ছেলের অবস্থাও ৯০ শতাংশ শেষ।”
মোজতবা গুরুতর আহত হলেও একাধিকবার তাঁর বক্তব্য প্রকাশ করেছে তেহরান। এর আগে ইরানের একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল যে, জখম মোজতবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফলে ট্রাম্পের এই বক্তব্যে মোজতবার শারীরিক সুস্থতা প্রশ্নের মুখে।
হরমুজ প্রণালীতে ইরানী হামলায় এখনও নিখোঁজ ১ ভারতীয়, উদ্ধার ১০
এর আগে সমাজমধ্যমে একটি পোস্টে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হবে। তারপরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই ঐতিহাসিকভাবে এই কৌশলগত জলপথটির সুরক্ষা দিয়ে আসছে। এরপর মোজতবার শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলল ট্রাম্প।

