Site icon Hindustan News Point

El Mencho: মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো নিহত, প্রতিশোধে দেশজুড়ে অস্থিরতা

El Mencho

মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচো মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে নিহত হয়েছেন। তাঁর আসল নাম নেমেসিও রুবেন ওসেগেরা সারভান্তেস। কুখ্যাত মাদক চক্র নিউ জেনারেশন কার্টেল–এর প্রধান ছিলেন তিনি। বহু বছর ধরে মেক্সিকো সরকার এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলির কাছে তিনি ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’।El Mencho

দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর জালিসকো প্রদেশের টাপালপা এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে এল মেনচো গুরুতর জখম হন। পরে তাঁকে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয় বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আগুন জ্বলছে মেক্সিকোর একাধিক প্রদেশে। তাঁর সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় গাড়ি ও ট্রাক আগুনে পুড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। একাধিক শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আগুন লাগানো হয় বলে খবর। নিরাপত্তার কারণে কিছু বিমান পরিষেবাও বাতিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষের খবর মিলেছে।

এই অশান্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। মেক্সিকোর কিছু এলাকায় বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে দূরে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি মেক্সিকোতে থাকা ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।El Mencho

এল মেনচোর নেতৃত্বে জালিসকো নিউ জেনারেশন কার্টেল কোকেন, মেথামফেটামিন, হেরোইন ও ফেন্টানাইলসহ নানা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। এই চক্রকে মেক্সিকোর অন্যতম শক্তিশালী ও হিংস্র অপরাধী সংগঠন হিসেবে ধরা হয়। সরকারের কাছে তাঁর মৃত্যু বড় সাফল্য হিসেবে দেখা হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা, এর জেরে কার্টেলের ভিতরে ক্ষমতার লড়াই শুরু হতে পারে এবং সেই সহিংসতা আরও বেড়ে গোটা বিশ্বে প্রভাব ফেলতে পারে।


Exit mobile version