Site icon Hindustan News Point

Hormuz Iran: হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও কঠোর ইরান, চাপানো হল মোটা অঙ্কের টোল ট্যাক্স

Hormuz Iran

হরমুজ প্রণালীতে চাপ বাড়াচ্ছে ইরান (Hormuz Iran)। নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আরও কঠোর পদক্ষেপ।ওই সরু জলপথ অতিক্রমকারী নির্দিষ্ট কিছু জাহাজের ওপর ২০ লাখ ডলার মাশুল আরোপের কথা জানিয়েছে তেহরান। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮.৮ কোটি টাকা। ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য এবং আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজেরদি ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি)-কে একথা জানিয়েছেন। এই বিশাল অঙ্কের মাশুল আদায়ের কাজ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে বলে ইরানের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।


এছাড়াও তিনি বলেন, হরমুজ প্রণালীতে (Hormuz Iran) একটি নতুন “সার্বভৌম শাসনব্যবস্থা” শুরু হয়েছে। তার কথায়, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “প্রণালী দিয়ে যাতায়াত করা কিছু জাহাজ থেকে ২ মিলিয়ন ডলার ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তির প্রমাণ।”
এর আগে এই ধরনের কোনও নিয়ম না থাকলেও, আন্তর্জাতিক এই জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে সব দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য না হলেও, ইরানের শত্রুভাবাপন্ন দেশগুলোর ক্ষেত্রে এটি কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে অনেক জাহাজ বিকল্প পথ বেছে নিচ্ছে, যার কারণে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমে গেছে বলে জানা গেছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে যে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজকে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। সেই সূত্রেই ভারতের এলপিজি ট্যাঙ্কারগুলিও বিশেষ শর্তে ছাড় পেয়েছে বলে জানা গিয়েছে।
ইরানের আইনপ্রণেতারা এই নিয়মকে স্থায়ী করার কথাও ভাবছেন, যা ভবিষ্যতে বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


Exit mobile version