Site icon Hindustan News Point

Iran Skip Fifa World Cup: “জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকায় না আসাই ভালো”, বিশ্বকাপ বয়কটে ইরানকে জবাব ট্রাম্পের!

Iran Skip Fifa World Cup

যুদ্ধে তপ্ত পশ্চিম এশিয়া। আর এরই মাঝে ইরান জানিয়ে দিয়েছে, চলতি বছর ফুটবল বিশ্বকাপ খেলতে তারা যাবে না। এ বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপ (Iran Skip Fifa World Cup)। বেশির ভাগ খেলা আমেরিকায়। ফলে সেখানে তাদের যাওয়ার সম্ভাবনা নেই বলেই বুধবার জানিয়েছেন ইরানের ক্রীড়ামন্ত্রী। বৃহস্পতিবার তার পাল্টাও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কখনও বলছেন স্বাগত, আবার কখনও পরামর্শ দিচ্ছেন না আসার! ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক দ্বিচারিতাই আপাতত বিশ্বকাপ ফুটবল-আলোচনার কেন্দ্রে। গত পরশু অভ্যর্থনা জানানোর পর, ইরান ফুটবল টিম আমেরিকার মাটিতে খেলতে পারবে বলে জানিয়ে ছিলেন ট্রাম্প । এবার সেখান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে নিজের সোশ্যল মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘ইরানের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু নিজেদের জীবন ও নিরাপত্তার কথা ভেবে তাদের না আসাটাই ভালো বলে মনে হয়!’

আমেরিকা ও ইজরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত তেহরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। ট্রাম্পের মন্তব্য সেই সিদ্ধান্তকে কার্যত আরও মজবুত করে দিল।

বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি একটি সাক্ষাৎকারে বলেন, “এই দুর্নীতিগ্রস্ত শাসক আমাদের নেতাকে হত্যা করেছে। সেটা মাথায় রেখে কোনও পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে খেলতে যাব না। আমাদের শিশুরা নিরাপদ নয়। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে বিশ্বকাপ খেলার কথা মাথায় রাখাই উচিত নয়।”

তিনি আরও বলেন, “ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের উপস্থিত থাকার কোনও দরকার নেই।” ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আল খামেনেইয়ের হত্যাকে তুলে ধরেছেন আহমদ।

ইরান যে খেলবে না, তার আঁচ পাওয়া গিয়েছিল কিছু দিন আগেই। গত ১ মার্চ ইরানের ফুটবল সংস্থার মুখ্যকর্তা মেহদি তাজি জানিয়েছিলেন, পরিস্থিতি যা তাতে আমেরিকায় গিয়ে ইরানের বিশ্বকাপ (Iran Skip Fifa World Cup) খেলার সম্ভাবনা খুবই কম। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেলে মেহদি বলেছিলেন, “আমেরিকার আক্রমণের পর ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম। তবে এই সিদ্ধান্ত নেবেন ক্রীড়াকর্তারাই।”

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল। ইরানের ম্যাচ ছিল লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। সেই ম্যা কতটা দেখা যাবে, বলা মুশকিল। আনুষ্ঠানিক প্রত্যাহার এখনও হয়নি। হলে আধুনিক বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা প্রথম।


Exit mobile version