Site icon Hindustan News Point

Iran-US War: পাকিস্তান ঢাল, শর্ত দিয়ে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

Iran-US War

“আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে একটি গোটা সভ্যতা” গতকালই এমনই গালভরা এক হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই হরমুজ না খুললে মঙ্গলবার রাতেই ইরানকে ধ্বংস করে দেবার কথা ছিল আমেরিকার। তবে ২৪ ঘন্টা পেরোনোর আগে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে, এবার আবার যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। আগামী দুই সপ্তাহের জন্য যুদ্ধ বিরোধী ঘোষণা করে হরমুজ খোলা হতে পারে বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। তবে কি ট্রাম্প পিছু হটছেন? সে কথা যদিও তিনি মানতে রাজি নন, বলছেন পাকিস্তানের অনুরোধই নাকি এই যুদ্ধবিরতির ঘোষণা। (Iran-US War)

পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই আবার বড়ো মোড় নিল আমেরিকা-ইরান সংঘাত। দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান, আর তার জেরেই সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে দেশকে একদিন আগে তিনি ধ্বংস করে দেবেন বলছিলেন, আজ আবার সেই দেশের সঙ্গেই চুক্তি করে যুদ্ধ থামাতে চাইছেন ট্রাম্প।

মঙ্গলবার ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে হরমুজ খোলার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন নির্দিষ্ট সময় যদি এই পথ না খোলা হয় তবে নাকি তেহরানকে নরকে পাঠানো হবে। তবে নিজের ঠিক করা সময়সীমা পেরানোর আগেই বুধবার ভোরে ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে আবারও ট্রাম্পের তরফে বার্তা আসে। তবে যুদ্ধের নয়, বরং যুদ্ধবিরতির বার্তা। ট্রাম্প জানিয়েছেন আগামী দু’সপ্তাহের জন্য দু’তরফেই অর্থাৎ ইরান এবং আমেরিকার তরফে কোনও সামরিক অভিযান চালানো হবে না। তবে জানেন কি কার মধ্যস্থতায় থামলো এই যুদ্ধ? (Iran-US War)

ট্রাম্প বলছেন, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতি ঘোষণা। তিনি তাঁর পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিফ মুনিরের কথা উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের কথায় শাহবাজ এবং মুনিরের প্রস্তাবে রাজি হয়েই আপাতত যুদ্ধ স্থগিত রাখা হল। এরই সঙ্গে তিনি জানিয়েছেন, ট্রাম্পের শর্ত অনুযায়ী শীঘ্রই হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরানও। ইরানের তরফে নাকি ১০ দফা প্রস্তাব জানানো হয়েছে। সেটিকে ইতিবাচক নজরেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্টোদিকে ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি বলেছেন, ‘‘ইরানের উপর যদি হামলা বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী তাদের প্রতিরক্ষামূলক অভিযানও বন্ধ করে দেবে।’’ একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ এবং মুনিরকেও।

এবার প্রশ্ন ট্রাম্পের শর্ত মেনে হরমুজ কি সত্যিই খুলে দেবে ইরান? আরাঘচি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে এবং সমস্ত সীমাবদ্ধতা যথাযথভাবে বিবেচনা করে তবেই হরমুজ দিয়ে নিরাপদ যাতায়ত সম্ভব। তবে সেটাও আপাতত দু’সপ্তাহের জন্যই, স্পষ্ট করে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। (Iran-US War)

Sanjeev Kapoor: মানা হচ্ছিল না দাবি, পদ্মশ্রী নিতে অস্বীকার করেছিলেন সঞ্জীব কাপুর

এই যুদ্ধবিরতির খবর সামনে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধবিরতি সাময়িক। আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই আগামী দুই সপ্তাহের কূটনৈতিক আলোচনাই নির্ধারণ করবে সংঘাতের ভবিষ্যৎ কী হতে চলেছে।

সব মিলিয়ে, আপাতত দুই সপ্তাহের জন্য যুদ্ধ থামলেও পশ্চিম এশিয়ায় পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। বিশ্বজুড়ে নজর এখন আমেরিকা-ইরান আলোচনার দিকে। (Iran-US War)


Exit mobile version