পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। যুদ্ধ থামাতে আমেরিকা ও ইরান- (Iran War) দুপক্ষের তরফেই কয়েকদফা শর্ত ছিলই। কিন্তু সেইসব শর্ত আর ধোপে টেকেনি। বরং দুপক্ষই হামলার ঝাঁঝ বাড়িয়েছে। আর এরই মাঝেই ইজরায়েলকে বার্তা দিল ইরান। একটি ক্ষেপণাস্ত্রে ইংরেজিতে ‘থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া’ লিখে সেটিকে ইজরায়েলের দিকে ছুড়ল ইরান। যার পর প্রশ্ন উঠছে, ইরানকে কি সমর্থন করছে ভারত?
এই ঘটনাকে ঘিরে যে ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট। তবুও দাবি করা হচ্ছে, ইজরায়েলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের এক সেনা নিজের হাতে এই বার্তা লিখেছেন, যা ‘বন্ধু’ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, যে দেশগুলি ইরানের পাশে দাঁড়িয়েছে বা সহমর্মিতা জানিয়েছে, তাদের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছে তেহরান। শুধু ভারত নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধন্যবাদ জানানোর তালিকায় স্পেন, জার্মানি ও পাকিস্তানকেও রেখেছে ইরান।
এর আগে ক্ষেপণাস্ত্র-বার্তায় স্পেনকে ধন্যবাদ জানিয়েছিল ইরান (Iran War)। শুক্রবার ইজ়রায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। এটি ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর ৮৩তম হামলা। ছোড়া হচ্ছে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। শুধু ইজরায়েল নয়, ইরানি হামলার নিশানায় রয়েছে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি।
বাহরিনেও একটি হামলা হয়েছে। সমাজমাধ্যমে হামলার ঠিক আগের মুহূর্তের কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইরানের বায়ুসেনার কয়েকজন আধিকারিক ক্ষেপণাস্ত্রের গায়ে ধন্যবাদের বার্তা লিখে দিচ্ছেন। তার পর সেগুলি ছোড়া হচ্ছে লক্ষ্যবস্তুকে নিশানা করে।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরানে আক্রমণ করে। সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। এর পর পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরানও। পশ্চিম এশিয়ার সেই যুদ্ধ এখনও থামেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের সঙ্গে কথা বলেছেন। হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও বাধা দিচ্ছে ইরান। তবে তারা ভারত-সহ ‘বন্ধু’ দেশগুলিকে এ ক্ষেত্রে ছাড় দিয়েছে।

