Site icon Hindustan News Point

J-35AE: নতুন জেট আনল চিন, ফাঁকি দিতে পারে বিপক্ষের রাডারকে, প্রথম ক্রেতা পাকিস্তান?

J-35AE

বিশ্বের সামরিক শক্তির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে আরও এক বড় পদক্ষেপ নিল চিন। সম্প্রতি তারা প্রকাশ্যে আনল তাদের নতুন পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান J-35AE। এই যুদ্ধবিমানকে আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবেই তুলে ধরছে বেজিং। আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, এই যুদ্ধবিমানের প্রথম বিদেশি ক্রেতা নাকি হতে পারে পাকিস্তান।

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রতি এই J-35AE যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ সংস্করণ দেখা গিয়েছে। এটি মূলত রফতানির জন্য তৈরি করা একটি বিশেষ সংস্করণ। এর আগে প্যারিস এয়ার শো-তে এই যুদ্ধবিমানের মডেল দেখানো হলেও এবার সম্পূর্ণ প্রস্তুত করে সেটিকে প্রকাশ্যে আনা হয়েছে।

চিনের দাবি, J-35AE বিমানটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তিতে তৈরি। শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিমানের। এর সঙ্গে রয়েছে উন্নত ইনফ্রারেড ব্যবস্থা, আধুনিক অ্যাভিওনিক্স। এই যুদ্ধবিমানকে আমেরিকার F-35-এর তুলনায় দামের দিক থেকে সস্তা। ফলে পশ্চিমি যুদ্ধবিমান কিনতে না পারা বা তুলনামূলক কম খরচে পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট চাইছে এমন দেশগুলির কাছে এটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।

এই চিনা যুদ্ধবিমান সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে খবর পাকিস্তান বহুদিন ধরেই চিনের এই স্টেলথ যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছে। এমনকি পাকিস্তানের পাইলটদের চিনে প্রশিক্ষণ দেওয়ার কথাও বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। ফলে অনুমান করা হচ্ছে, পাকিস্তানই প্রথম এই যুদ্ধবিমান কিনতে পারে। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ এর বর্ষপূর্তিতে পাকিস্তানের এই নয়া উদ্যোগে ভারতীয়রা যদিও সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে।

Mohan Singh: পায়ে যাদু আর হৃদয়ে ছিল বাংলা, চিরবিদায় ময়দানের মোহন সিং

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের হাতে এই ধরনের স্টেলথ যুদ্ধবিমান গেলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। ভারতের জন্যও এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

তবে আন্তর্জাতিক মহলের একাংশের দাবি, চিনের J-35AE সিরিজের যুদ্ধবিমানের বাজার চাহিদা এখনও খুব বেশি নয়। পাশাপাশি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও এত ব্যয়বহুল বিমান কেনার মত পদক্ষেপ এক্ষুনি নেবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। তবুও চিন যে বিশ্বের সামরিক শক্তির বাজারে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চাইছে, এই J-35AE বিমান তারই বড় উদাহরণ বলে মনে করা হচ্ছে।


Exit mobile version