দুবাই এয়ারপোর্টের পর এবার টার্গেট কুয়েত বিমাবন্দর। কুয়েত (kuwait-Iran attack) আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলোতে ইরানের ভয়ংকর হামলা। কুয়েতের জাতীয় তেল সংস্থা জানিয়েছে, ড্রোন হামলার কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তারা খনিজ তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আকাশসীমায় শত্রু ড্রোন ঢুকে পড়ায় তারা পালটা জবাব দিচ্ছে।
প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নেই। আর হামলা করবে না ইরান। এমনটাই গতকাল জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। সেই প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা যেতে না যেতেই দুবাই, কুয়েতে একের পর এক হামলা।
গতকাল দুবাই বিমানবন্দরের পর আজ জ্বলছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। রবিবার ভোরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান জানিয়েছেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক লক্ষ্য করেই হামলা করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর সরাসরি আঘাত করেছে ইরান। শনিবার ভোরেও কুয়েতের আকাশপথে ইরানের ছোড়া সাতটি ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ও দক্ষিণাঞ্চলে এসব ড্রোন প্রতিহত করা হয়। ধ্বংসাবশেষ পড়ে কিছু সম্পদের ক্ষতি হলেও অন্য কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি।
গতকাল দুবাই বিমানবন্দরেও হামলা হয়েছিল। আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। তড়িঘড়ি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হয় বিমান পরিষেবা। একাধিক বিমান সংস্থা বিমান উড়ান ও অবতরণ বাতিল ঘোষণা করা হয়। যার জেরে আবারও ভোগান্তিতে কয়েক হাজার যাত্রী।
অন্যদিকে, বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আকাশেই মিসাইল ধ্বংস করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ে একজন পাকিস্তানি চালকের মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বিরল ভাষণে দেশবাসীকে জানিয়েছেন, আমিরশাহী এখন ‘যুদ্ধের সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
কাতার, বাহারিন ও লেবাননের চিত্র
কাতার: দেশটির ওপর ১০টি ব্যালিস্টিক মিসাইল ও দুটি ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে, যার অধিকাংশই প্রতিহত করা হয়েছে।
বাহরিন: মানামা জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তারা ১৫১টি ড্রোন ও ৯২টি মিসাইল প্রতিহত করেছে।
লেবানন: বৈরুতের একটি হোটেলে ইজরায়েলি হামলায় ৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা লেবাননে অবস্থানরত ইরানি রেভল্যুশনারি গার্ডের কমান্ডারদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।
শনিবার ইরানের প্রেসিডেন্ট শান্তি ও সমঝোতার কথা বললেও কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের বিচার বিভাগীয় প্রধান সরাসরি হামলার হুমকি দেন। তিনি জানান, উপসাগরীয় দেশগুলোর যেসব এলাকা ‘শত্রুদের দখলে’ বা নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে হামলা অব্যাহত থাকবে।
গতকাল আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুদ্ধের আবহে প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তাঁর কথায়, এই সংঘাতের আবহে সঙ্কট কাটিয়ে শীঘ্রই আরও শক্তিশালী হয়ে তাঁরা ফিরে আসবেন। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী সর্বক্ষণ প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। একটি শর্তে আর আক্রমণ না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান সাফ জানিয়ে দিলেন, উপসাগরীয় এলাকার দেশগুলির সঙ্গে ইরানের শত্রুতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলকে ইরানের বিরুদ্ধে হামলায় আর মদত না দিলে, কোনও প্রতিবেশী দেশেই ইরান হামলা করবে না।

