অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার বাংলাদেশের বহু চর্চিত ওসমান হাদির খুনিরা। গতবছর বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। তাঁর খুনের জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় রাহুল ওরফে ফাইজাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সালকেই হাদি খুনের মূল অভিযুক্ত বলে দাবি করেছিল। (Osman Hadi’s Killer)
পুলিশ সূত্রে খবর, ধৃত অভিযুক্ত ফয়সালের বাড়ি বাংলাদেশের পটুয়াখালিতে এবং আলমগীরের বাড়ি ঢাকায়। শনিবার রাতে গোপনে অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁদের। দুই অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদের আদালতে পেশ করা হয়েছে। (Osman Hadi’s Killer)
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। তিনি চেয়েছিলেন ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। যার কারণে তিনি প্রচারও করছিলেন বেশ কিছুদিন ধরে। তাঁকে মঞ্চ থেকে বেশ কিছু ভারত বিরোধী মন্তব্য করতেও শোনা যায়।
গতবছর ১২ ডিসেম্বর বাংলাদেশের রাজধানীর পুরানা পল্টন এলাকায় রিক্সা করে ফিরছিলেন তিনি। হঠাৎই দুষ্কৃতীরা হাদির উপর হামলা চালায়। মাথায় গুলি করার পর মোটরসাইকেল করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। পরে হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও নেওয়া হয়। তবে সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এর পরেই বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে।
