চারিদিকে ফুল, বেলুন দিয়ে তৈরি গেট, লাল কার্পেট— সব মিলিয়ে সাজো সাজো রব। কারণ? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ আসবেন। কী কারণ? শিয়ালকোটে পিৎজা হাটের এক আউটলেটের উদ্বোধন করবেন তিনি। বিশ্বের অন্যতম বড় পিৎজা চেনে একটা আউটলেটের উদ্বোধন হচ্ছে সেখানে প্রতিরক্ষা মন্ত্রী আসছেন তা তো বড় ব্যাপার।
পূর্ব ঘোষণামতো খোয়াজা আসিফ এসে ফিতে কেটে ঘটা করে উদ্বোধনও করেন পিৎজা হাটের আউটলেটের। সেই ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিষয়টা জানাজানি হওয়ার পর আসল পিৎজা হাট পোস্ট করে জানিয়ে দেয়, খোয়াজা আসিফ যেই আউটলেটের উদ্বোধন করেছেন সেটা আসল পিৎজা হাট না। তারা ওই আউটলেটকে বেআইনি ও ভন্ড তকমা দেয়।
আমেরিকার অন্যতম বড় পিৎজা চেইন পিৎজা হাটের লোগো পরিচিত। লাল ছাদ লোগো ও ব্র্যান্ডিং। পাকিস্তানে আমেরিকার পিৎজা হাটের মোট ১৬টা আউটলেট আছে। ১৪টা লাহোরে ও দুটো ইসলামাবাদে। কিন্তু শিয়ালকোটে পিৎজা হাট নামে যেটির উদ্বোধন করলেন খোয়াজা আসিফ সেটা নকল।
কী জানিয়েছে Pizza Hut Pakistan?
সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘এই আউটলেটটা পিৎজা হাট পাকিস্তান বা ইয়াম ব্র্যান্ডের সঙ্গে যুক্ত নয়। এরা পিৎজা হাটের আন্তর্জাতিক রেসিপি, ফুড সেফটি, কোয়ালিটি মেনে চলে না।’ তারা নকল পিৎজা হাটকে নির্দেশ দিয়েছে দ্রুত তাদের নাম ও লোগো সরিয়ে ফেলতে, নয়তো কড়া পদক্ষেপ নেবে।
এই ঘটনাটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় শুরু মিমের বন্যা। এক ব্যবহারকারী লেখেন, ‘ফিতে কাটা, বিবৃতি। এগুলোতেই রয়েছে পাকিস্তান।’ অন্য ব্যবহারকারী লেখেন, ‘পাকিস্তানেই সম্ভব, একজন প্রতিরক্ষা মন্ত্রী নকল পিৎজা হাটের উদ্বোধন করছেন।’ এক ব্যবহারকারী ঊর্দুতে লেখেন, ‘পাকিস্তানে কি আসল কিছু বাকি আছে?’ সব মিলিয়ে পিৎজা সুখকর হলো না পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে।

