Site icon Hindustan News Point

Russia Snowfall News: চারতলা বাড়ির সমান বরফ, ভয়াবহ স্নো ফলে বিপর্যস্ত রাশিয়া

russia snowfall news

শীত কারও কাছে স্বস্তির, আবার কারও কাছে জীবন কেড়ে নেওয়ার। সেইরকমই অবস্থায় রাশিয়ায় (Russia Snowfall News)। এখানে কামচাটকা উপদ্বীপে শীত আর ‘শীতল’ নেই, একেবারে বরফের দাপট! এমন তুষারঝড় নেমেছে যে গোটা শহর যেন সাদা কম্বলের তলায় ঢেকে গিয়েছে। রাস্তাঘাট, গাড়ি, বাড়িঘর—সবই বরফে মোড়া, কিছু জায়গায় বরফ জমে চারতলা বাড়ির সমান উঁচু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

কামচাটকার রাজধানী পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে ঘটেছে সবচেয়ে মর্মান্তিক ঘটনা। বরফে ঢাকা ছাদ থেকে আচমকা তুষার ধসে পড়ে দু’জন বাসিন্দা চাপা পড়েন। উদ্ধারকাজের আগেই তাঁদের মৃত্যু হয়। প্রথম মৃত্যুর খবর সামনে আসতেই শহরের মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ গোটা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে শুরু হয় ‘মেগা স্নো ক্লিনিং অপারেশন’। তবে মেয়র ক্ষোভও উগরে দিয়েছেন—বাড়ির ছাদ পরিষ্কার না করার জন্য সরাসরি সম্পত্তি পরিচালন সংস্থাগুলিকেই কাঠগড়ায় তুলেছেন। তাঁর অভিযোগ, ঝড় থামার অপেক্ষায় বসেছিল তারা!

বরফের তাণ্ডবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়ো। কোথাও দেখা যাচ্ছে, শিশুরা পাহাড়সম বরফের ঢিবি বেয়ে স্লাইড করছে, একেবারে যেন প্রাকৃতিক ‘স্নো পার্ক’। আবার কোথাও চারতলা পর্যন্ত বরফে ঢেকে যাওয়া ব্যালকনি, দেখে মনে হচ্ছে বিল্ডিং নয়, বরফের আইসবার্গ!

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রকের ভিডিওতে দেখা গিয়েছে, উদ্ধারকর্মীরা কোমর-সমান বরফ খুঁড়ে বৃদ্ধ বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। লাগাতার তুষারপাতে স্কুল বন্ধ, বাস-ট্রাম সব বন্ধ। এক কথায়, শহর এখন ‘হোম-অফিস’ নয়, ‘হোম-আন্ডার-স্নো’ মোডে।

এদিকে কামচাটকার ইমারজেন্সি মন্ত্রী সের্গেই লেবেদেভ সতর্কবার্তা জারি করেছেন। জানিয়েছেন ছাদে জমে থাকা বরফ যে কোনও সময় ধসে পড়তে পারে। তাই পরামর্শ একটাই, উপরে তাকিয়ে হাঁটুন, নইলে ছাদ থেকেই নেমে আসতে পারে শীতের শেষ সারপ্রাইজ।

Exit mobile version