Site icon Hindustan News Point

হরমুজ প্রণালীতে গোপনে বাণিজ্যিক জাহাজগুলিকে পথ দেখাচ্ছে আমেরিকা, ইরানের নজর এড়িয়ে কীভাবে সম্ভব হলো?

Strait of Hormuz

ইরান-আমেরিকা যুদ্ধের আগুনে রুদ্ধ পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এর জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। কিন্তু অশান্তির মধ্যেও হরমুজে অবাধে যাতায়াত করছে বেশকিছু বাণিজ্যিক জাহাজ। তারা নীরবে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার উপায় খুঁজে নিচ্ছে। কিন্তু কীভাবে?

জানা গেছে, কিছু জাহাজ ইরানি হামলা এড়াতে এবং নিরাপদে প্রণালী পার হওয়ার জন্য মার্কিন সেনাবাহিনীর সাহায্য নিচ্ছে। আলো ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে চলছে অবাধ যাতায়াত।

দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, গত তিন সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড পারস্য উপসাগরে যাতায়াতকারী হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজকে পথ দেখিয়েছে। মার্কিন নির্দেশনায় পরিচালিত এই নৌপথগুলি ওমানের কাছাকাছি একটি রুট অনুসরণ করছে বলে মনে হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দিন কয়েক আগেই বিশাল তেল এবং প্রাকৃতিক গ্যাসের বেশকিছু ট্যাঙ্কার ও স্বল্প সংখ্যক জাহাজ বিপজ্জনক এই পথটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। যা বিশ্বের অর্থনীতির জন্য ভালো খবর। সমুদ্রে এই পদ্ধতিতে জাহাজ চলাচলকে অনেকেই ‘ডার্ক মোড’ বলে অবিহিত করছেন।

এর মধ্যে রয়েছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, যা এক ধরনের ইলেকট্রনিক ট্র্যাকিং। এর ফলে সমুদ্রে জাহাজগুলো অবস্থান বোঝা যায় না। আর এইগুলি সংঘর্ষ এড়াতে ব্যবহার করা হয়।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, “প্রণালীটি দিয়ে চলাচল করার জন্য কিছু জাহাজ মার্কিন সামরিক সেনাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাঁরা রাডার, ড্রোন ও অন্যান্য মাধ্যমে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করেন এবং তারা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, সেক্ষেত্রেও সহায়তা করেন।”

উদ্বেগের বিষয়, একদিকে যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এবং একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে, ঠিক তখনই অন্য প্রান্তে যুদ্ধের সলতে পাকানো হচ্ছে। সাম্প্রতিক দিনগুলিতে দক্ষিণ ইরান এবং বন্দর আব্বাস (Bandar Abbas) অঞ্চলে একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে মার্কিন ফৌজ। আমেরিকা এই হামলাগুলিকে ‘আত্মরক্ষা’ বলে দাবি করলেও, ইরান এর তীব্র নিন্দা করে বলেছে যে আমেরিকা ইচ্ছা করে এই অঞ্চলে অশান্তি পাকাচ্ছে।


Exit mobile version