হঠাৎ ‘বন্ধু’ মোদিকে ফোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি বৈঠক ভেস্তে যাবার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ সারলেন ট্রাম্প। দুজনের শেষ কথা হয়েছিল ২৪ মার্চ। তবে তখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি ছিল অন্যরকম। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। যুদ্ধবিরতি থেকে লেবানন হামলা, ফের শান্তি বৈঠক – এইসব পর্বের পর এখন পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঠিক কীরকম- সে বিষয়ে কথা বলতেই মঙ্গলবার ফোনে কথা মোদি-ট্রাম্পের।
মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৪০ মিনিট ধরে দু’জনের মধ্যে কথোপকথন চলে। মোদি নিজেই তার এক্স হ্যান্ডেলে ফোনালাপের বিষয়টি জানিয়েছেন। ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি সফল না হওয়ায় পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি এখনও পাল্টায়নি। এই আবহে মোদি এবং ট্রাম্পের এই কথোপকথন ঘিরে ইতিমধ্যে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। (Trump-Modi Phone Call)
প্রধানমন্ত্রী মোদি জানান, এই কথোপকথনে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে চলা সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দু’জনের মধ্যে “গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময়” হয়েছে। একই সঙ্গে ভারত স্পষ্ট জানিয়েছে, এই পরিস্থিতিতে উত্তেজনা কমানো এবং দ্রুত শান্তি ফিরিয়ে আনা খুবই জরুরি। উল্লেখ্য, শেষবার যখন দুজনের কথা হয়েছিল, তখনও পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনার কথাই জানিয়েছিল ভারত ।
Received a call from my friend President Donald Trump. We reviewed the substantial progress achieved in our bilateral cooperation in various sectors. We are committed to further strengthening our Comprehensive Global Strategic Partnership in all areas. We also discussed the…
— Narendra Modi (@narendramodi) April 14, 2026
মোদি জানিয়েছেন, এই আলোচনায় একটি বড় বিষয় ছিল হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ যাতে খোলা থাকে এবং সেখানে নিরাপত্তা বজায় থাকে সে বিষয়েই জোর দেন দুই নেতা। মোদি বলেন, “হরমুজ প্রণালী খোলা থাকা, নিরাপদ এবং সকলের জন্য সহজলভ্য থাকা খুবই প্রয়োজন”- এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের স্বার্থের সঙ্গেই জড়িত। (Trump-Modi Phone Call)
Andaman Sea Tragedy: আন্দামান সাগরে ভয়াবহ ট্রলারডুবি, নিখোঁজ আড়াই শতাধিক শরণার্থী
মোদির মন্তব্যের পাশাপশি ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যও নজর কেড়েছে। যদিও ট্রাম্পের মোদি প্রীতির কথা সকলেরই জানা। এর আগেও বহুবার তাদের দুজনকে বন্ধুত্বপূর্ণ মেলামেশা করতে দেখা গেছে। এবার আবার ট্রাম্প নাকি মোদিকে উদ্দেশ্য করে বলেন, “We all love you” অর্থাৎ, “আমরা সবাই আপনাকে ভালোবাসি।” এই মন্তব্য থেকে আবারও দুই দেশের নেতাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ স্পষ্ট।
সূত্রের খবর, এই আলোচনায় ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্কসম্পর্ক আরও জোরদার করার কথাও উঠে এসেছে। পাশাপাশি, পশ্চিম এশিয়ার সংঘাত যাতে বিশ্ব বাণিজ্য, দেশে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তায় প্রভাব না ফেলে সে বিষয়েও দুই দেশই গুরুত্ব দিয়েছে। (Trump-Modi Phone Call)
সব মিলিয়ে, ৪০ মিনিটের এই ফোনালাপ শুধু সৌজন্য বিনিময় নয় বরং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমন্বয় আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

