মাত্র ১৭ বছর বয়স। এই বয়সেই মার্কিন নৌবাহিনীতে যোগদান ভারতীয় বংশোদ্ভূত ঋদ্ধির চৌহানের (riddhi chauhan)। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল অ্যাকাডেমি প্রিপারেটরি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি, যা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে।
তিনি তার স্কুলের নেভি জুনিয়র রিজার্ভ অফিসার্স ট্রেনিং কোর (NJROTC) ইউনিটের ‘ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার’ হিসেবে প্রায় ৩০০ ক্যাডেটের নেতৃত্ব দিচ্ছেন। এই পদে থেকে তিনি ক্যাডেটদের প্রশিক্ষণ, ব্যাটালিয়ন অপারেশন এবং তাদের সার্বিক কল্যাণের বিষয়টি তদারকি করেন। সপ্তাহের চার দিন সকাল ৭টার আগেই স্কুলে পৌঁছে তিনি ক্যাডেটদের ড্রিল অনুশীলনের নেতৃত্ব দেন (riddhi chauhan)।
ঋদ্ধি মার্কিন নৌবাহিনীতে (US Navy) একজন কমিশনড অফিসার হওয়ার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে তিনি ‘নেভাল অ্যাকাডেমি প্রিপারেটরি স্কুল’-এ (Naval Academy Preparatory School) ভর্তির সুযোগ পেয়েছেন, যা মার্কিন নৌ অ্যাকাডেমিতে (US Naval Academy) যোগ দেওয়ার ক্ষেত্রে একটি বড় ধাপ। ঋদ্ধির বাবা দিলীপ চৌহান ও মা রুচিকা চৌহান রাজস্থানের জয়পুরের বাসিন্দা।
জানা গিয়েছে, নবম শ্রেণিতে পড়ার সময় এনজেআরওটিসি-তে যোগ দিয়েছিলেন ঋদ্ধি। এরপর ধাপে ধাপে নিজের দক্ষতার পরিচয় দিয়ে অ্যাকাডেমিক কমান্ডার, স্টেম কমান্ডার, প্লাটুন লিডার এবং ইনস্পেকশন কমান্ডারের মতো একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এখন ব্যাটালিয়ন কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
ঋদ্ধির জানিয়েছেন, তিনি বিনয়, সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার মূল্যবোধ তিনি শিখেছেন মহন্ত স্বামী মহারাজের কাছ থেকে। তাই নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, নেতৃত্ব মানে বরং অন্যদের সেবা করা।

