দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়ছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি সাগরদ্বীপের কাছাকাছি অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকের মধ্যেই সাগরদ্বীপ-হলদিয়া উপকূলের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর জেরে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update)
ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে। ফলে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বৃষ্টির তীব্রতা বাড়ার আশঙ্কা থাকছে। (Weather Update)
তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। আগামী দু’দিন পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতাতেও মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সারাদিন আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। ফলে জলজমা ও যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। (Weather Update)
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি
এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
নিম্নচাপের প্রভাবে সমুদ্র এখনও উত্তাল। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও আবহাওয়া দফতর। (Weather Update)
আরও পড়ুন :- হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু, কমবে ট্রেন পরিচালনার চাপ











