৭ অগস্ট পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার সল্টলেকের সাই (SAI) স্পোর্টস কমপ্লেক্সে পঞ্চম জাতীয় জ্যাভলিন ডে উপলক্ষ্যে রাজ্য জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার তরুণ ও উদীয়মান জ্যাভলিন থ্রোয়াররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলের সেরা সম্মান জিতেছে। এর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে নদিয়া জেলা। এই প্রতিযোগিতায় নজর কেড়েছে ময়দানের দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল-এর অ্যাথলেটিক্স প্রতিভারাও (National Javelin Day)।
National Javelin Day: জাতীয় জ্যাভলিন ডে প্রতিযোগিতায় সেরা নদিয়া
তিনটি সোনা, দুটি রূপো এবং দুটি ব্রোঞ্জ পদক জিতে শীর্ষস্থানে নদিয়ার ক্রীড়া সংস্থা (নদিয়া ডিএসএ)। অনূর্ধ্ব-২০ কিশোর বিভাগে নদিয়ার বাসিন্দা নাড়ুগোপাল বিশ্বাস ৫৪.৭৪ মিটার থ্রো করে সোনা জেতেন। একই বিভাগের রুপো জেতেন তাঁরই জেলার তন্ময় বৈদ্য (৫০.৫০ মিটার)। অনূর্ধ্ব-১৬-র কিশোর বিভাগে ৪৮.৩৬ মিটার থ্রো করে সোনা জেতেন অনির্বাণ দাস। অনূর্ধ্ব-১৬-র কিশোরি বিভাগে ২৯.১১ মিটার থ্রো করে প্রথম হন বিউটি ঘোষ (National Javelin Day)।
ক্লাবের মধ্যে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সিনিয়র পুরুষ বিভাগে শুভেন্দু মণ্ডল ৬৪.৯১ মিটার থ্রো করে সোনা জেতেন। সবচেয়ে সেরা পারফরম্যান্স এটাই। জুনিয়র বিভাগেও মোহনবাগানের অ্যাথলিটরা ভালো ফল করে।
এই প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল ক্লাবও সাফল্য পেয়েছে। সিনিয়র পুরুষ বিভাগে দেবাশিস অধিকারী ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব-২০ মহিলা বিভাগে সোনালি দাস রূপো জিতে ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।।
সিনিয়র বিভাগে মহিলার পাইওনিয়ার স্পোর্টিং অ্যাসোসিয়েশনের কোয়েল ঘোষ ২৮.৭৬ মিটার থ্রো করে সোনা জেতেন। মাত্র তিন সেন্টিমিটারের ব্যবধানে দ্বিতীয় হন শিলিগুড়ি এমকেপির পরমিতা লোধ (২৮.৭৩ মিটার)।
এছাড়া অনূর্ধ্ব-১৮ কিশোর বিভাগে হুগলি ডিএসএ-র অপূর্ব পাল (৫২.৬৪ মিটার), অনূর্ধ্ব-১৮ কিশোরি বিভাগে রিনি পাকিরা এবং অনূর্ধ্ব-২০ মহিলা বিভাগে বাল্লি প্রতিভা ক্লাবের তৃপ্তি টুডু সোনা জয় করেন।
আয়োজকদের মতে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রমাণ করেছে যে বাংলায় জ্যাভলিন থ্রোয়ের মান ক্রমশ উন্নত হচ্ছে। ভবিষ্যতে এই রাজ্যের প্রতিযোগীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবেন।











