ফের বাজি বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে। একটি ঘরে বাজি তৈরির কাজ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। (Champahati Blast)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনবসতি থেকে কিছুটা দূরে একটি জমির মধ্যে ঘর তৈরি করে সেখানে বাজি তৈরির কাজ চলছিল। সেই ঘরেই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার খবর পাওয়ার পরও দমকল বাহিনী দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভও শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরবর্তীতে ঘটনাস্থল ত্যাগ করেন বিক্ষোভকারী জনতা।
কেনিয়ায় হেলিকপ্টার ভেঙে ৭ মৃত, নিহত ৫ আমেরিকান-সহ ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান
তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, বাজি তৈরির জন্য সেখানে কী ধরনের সামগ্রী মজুত ছিল এবং নিরাপত্তার কোনও ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। (Champahati Blast)
এ রাজ্যে বাজি বিস্ফোরণে ক্ষয়ক্ষতির ঘটনা নতুন নয়। বেআইনি ভাবে এদিক সেদিক নিষিদ্ধ বাজির কারখানা গজিয়ে ওঠায় মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর মেলে। তাই ফের একবার চম্পাহাটিতে বাজি বিস্ফোরণে ফের এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি বেআইনি বা ঝুঁকিপূর্ণভাবে বাজি তৈরির অভিযোগ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শেষ হলে বিস্ফোরণের প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।









1 thought on “চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক”