অক্ষয় কুমার ও অনুপম খের অভিনীত ‘স্পেশাল ২৬’ সিনেমা সাড়া জাগিয়েছিল বলিউডে। কী ভাবে ভুয়ো সিবিআই আধিকারিক সেজে তারা তল্লাশির নামে টাকা লুঠ করত তা দেখানো হয়েছে। এ বার সেই ‘স্পেশাল ২৬’ সিনেমার ছবি দেখা গেল বাস্তবে। সিনেমার কায়দায় দিল্লির প্রশান্ত বিহারে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর ধরা পড়ল ভুয়ো CBI আধিকারিক। গ্রেপ্তার ৭ জন (special 26 in delhi)।
ঘটনাটি ১১ অগস্ট রাত ১০ টার দিকে ঘটে। দিল্লির প্রশান্ত বিহারের বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে ৭ জনের একটি দল হানা দেয়। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন মহিলা ছিলেন। তাঁরা নিজেদের সিবিআই কর্তা বলে পরিচয় দেন এবং ভুয়ো নোটিস দেখিয়ে তল্লাশি করার চেষ্টা করেন। প্রথমে সেই সময় বাড়ির সদস্যরা সদর দরজা খুলতে চাননি এবং সঠিক নথিপত্র ও পরিচয়পত্র তাঁদের কাছ থেকে দেখতে চান তাঁরা (special 26 in delhi)।
ওই দলের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা বাইরে দাঁড়িয়ে ছিলেন। এরপর প্রতিবেশিরা বিষয়টিতে হস্তক্ষেপ করেন, ওই দলের সদস্যদের জিজ্ঞাসাদবাদ করেন প্রতিবেশিরা। অন্যদিকে, পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা দাবি করে যে সার্চ ওয়ারেন্ট গাড়ির ভেতরে রাখা রয়েছে। এরপর সেই নথি আনার বাহানা করে গাড়ি নিয়ে চম্পট দেয় গোটা চক্রটি। অভিযোগকারী জানিয়েছেন, ভুয়ো আধিকারিকদের পোশাকে সিবিআই-এর লোগো লাগানো ছিল এবং তাদের গলায় সিবিআই লেখা কার্ডও ঝুলছিল।
তল্লাশির আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিবিআই ডিরেক্টরের নাম ও স্বাক্ষরিত একটি ভুয়ো নোটিসও পাঠানো হয়েছিল ওই পরিবারকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তল্লাশি চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
অভিযুক্তদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, সিবিআই-এর লোগো লাগানো পোশাক এবং ভুয়ো সরকারি পরিচয়পত্রের ছবি ও ভিডিয়ো উদ্ধার করেছেন কর্মকর্তারা। দলের সদস্যদের ফোনে এমন সব ভিডিয়ো পাওয়া গেছে, যেখানে তাদের সিবিআই, ইডি ও অন্যান্য সরকারি কর্মকর্তার ছদ্মবেশে বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে দেখা গেছে। পুলিশ এখন এই ভিডিয়োগুলি ব্যবহার করে তদন্ত করছে। তারা জানতে চাইছে যে এই চক্রটি কতদূর বিস্তৃত।












