রবিবার ছুটির দিনই রাজধানীতে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ছয়তলা বাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে। বাড়িটি একটি পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ, দমকল, NDRF, সিভিল ডিফেন্স-সহ একাধিক উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Delhi Building Collapse: রবিবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে বাড়ি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর প্রায় ১টা ৩৪ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর আসে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাড়িটি ভেঙে পড়ার আগে প্রচণ্ড শব্দ হয় এবং গোটা বাড়ি কেঁপে ওঠে। প্রথমে অনেকে ভূমিকম্প হয়েছে বলে মনে করেছিলেন। এরপরই দেখা যায়, পুরো বাড়িটি ধসে পড়েছে।
বাড়িটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন পড়ুয়া থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে। রবিবার ছুটির দিন হওয়ায় অধিকাংশ পড়ুয়া নিজেদের ঘরেই ছিলেন বলে স্থানীয়দের দাবি। ফলে ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে থাকার আশঙ্কা আরও বেড়েছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা গিয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শহরে বসে সিম কার্ড জালিয়াতি, গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়
একের পর এক উদ্ধার, তবু কাটছে না আতঙ্ক
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি। তবে এলাকাটি সংকীর্ণ ও ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে। তবু ধ্বংসস্তূপের প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, যাতে ভিতরে কেউ আটকে থাকলে তাঁকে দ্রুত বের করে আনা যায়।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধুও ঘটনাস্থলে পৌঁছন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। পাশের বাড়িটিও সতর্কতামূলক ব্যবস্থার জন্য খালি করে দেওয়া হয়েছে।
তবে কেন বাড়িটি আচমকা ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বাড়ির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলে খবর। আপাতত তদন্তের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের নিরাপদে উদ্ধারের দিকে।











1 thought on “রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬ তলা বাড়ি, মৃত বহু”