‘রামায়ণ’-এর বিশ্বজুড়ে প্রচারের আগে লস অ্যাঞ্জেলেসে জমকালো প্রিমিয়ারের আয়োজন করলেন ছবির নির্মাতারা। সোমবার, ২৭ অক্টোবর এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবী। ভারতীয় পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন তাঁরা। লাল গালিচায় রণবীর ও যশের আলিঙ্গনের দৃশ্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অন্যদিকে, ঝলমলে শাড়িতে সাই পল্লবীর উপস্থিতিও নজর কেড়েছে। (Ramayana Los Angeles Premiere)
লাল গালিচায় রণবীর-যশের বন্ধুত্ব
লস অ্যাঞ্জেলেসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি এবং তাঁর স্ত্রী অশ্বিনী আইয়ার তিওয়ারি। যশের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন তাঁর স্ত্রী রাধিকা পণ্ডিত। তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে প্রিমিয়ারের আসর।অনুষ্ঠানের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল গালিচায় একে অপরকে আলিঙ্গন করছেন রণবীর কাপুর ও যশ। অন্য একটি ভিডিয়োতে অনুরাগীদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় রণবীরকে। প্রিয় তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুরাগীরাও। (Ramayana Los Angeles Premiere)
প্রিমিয়ার উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অনুষ্ঠানের খবর ভাগ করে নেন বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ। তিনি জানান, লস অ্যাঞ্জেলেসে ‘রামায়ণ’- এর ইংরেজি সংস্করণ “রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড” দেখার জন্য হলিউডের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, সংবাদমাধ্যমের প্রতিনিধি, অনুরাগী এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত হয়েছেন। ভারতীয় মহাকাব্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই উদ্যোগকে ভারতীয় সিনেমার গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি।
৪০০০ কোটি টাকার ছবি ‘রামায়ণ’
ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ এর বিপুল বাজেট। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, ‘রামায়ণ’ এর দুটি পর্ব তৈরিতে মোট খরচ হবে প্রায় ৫০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪০০০ কোটি টাকারও বেশি। ছয়-সাত বছর আগে এই পরিকল্পনা শুরু করার সময় অনেকেই তাঁর ভাবনাকে অবাস্তব বলে মনে করেছিলেন। তবে তাঁর দাবি, বড় বাজেটের হলিউড ছবির তুলনায় আরও দক্ষতার সঙ্গে কাজটি করা হচ্ছে। দুটি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম পর্বের বিশ্বজোড়া মুক্তির কথা ২০২৬ সালের অক্টোবরে, দীপাবলির আগে। দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সানি দেওল এবং রবি দুবে। (Ramayana Los Angeles Premiere)












