বর্তমানে বলিউডে চর্চায় এ আর রহমান। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে মন্তব্য পাল্টা মন্তব্য চলছে। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে বলিউডের অনেকে তাঁদের মন্তব্য রেখেছেন। এ বার গোটা ঘটনাটি নিয়ে মুখ খুললেন রহমান নিজে। স্পষ্ট জানান, তিনি কাউকে আঘাত করতে চান না।
সম্প্রদায়িক মন্তব্যে বিতর্ক
BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান জানান, গত আট বছরে হিন্দি সিনেমায় তাঁর কাজ কমে গেছে এবং এই পরিস্থিতির জন্য তিনি ক্ষমতার হস্তান্তর এবং সাম্প্রদায়িক কারণকে দায়ি করেন। যদিও তিনি জানান, নিজে সরাসরি এমন কোনও আচরণের সম্মুখীন হননি। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ঝড় তোলে। অনেকে এই বক্তব্যকে সাম্প্রদায়িক তকমা দেন।
রহমানের ব্যাখ্যা ও সাফাই
রহমানের এই মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। তিনি অবশ্য বিতর্কের সময়ে চুপ থাকেন। দীর্ঘ নীরবতার পরে রহমান নিজেই একটি ভিডিয়ো বার্তায় বিষয়টি নিয়ে মুখ খোলেন। সেখানে তিনি বলেন, “সঙ্গীত আমার যোগাযোগের মাধ্যম, উদযাপন এবং শ্রদ্ধা জানানোর উপায়। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাসস্থান। কখনই আমি কাউকে আঘাত করতে চাইনি।” তিনি আরও জানান, তাঁর উদ্দেশ্য সবসময়ই সঙ্গীতের মাধ্যমে মানুষের মন জয় করা, ইতিহাস ও বর্তমানকে সম্মান করে ভবিষ্যতকে অনুপ্রাণিত করা।
রহমানের মন্তব্যে বিনোদন জগতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। লেখিকা শোভা দে বলেন, “এটি খুবই বিপজ্জনক মন্তব্য। বলিউডে যদি কোনও বিষয় থাকে যা সম্প্রদায়িক নয়, তাহলে সেটা হল তার প্রতিভার উপরে ভিত্তি করে কাজ পাওয়া।” গায়ক শান মন্তব্য বলেন, “আমি মনে করি বলিউডে কোনও সম্প্রদায়িক বা সংখ্যালঘু ভেদাভেদ নেই; কাজ জানলেই সুযোগ আছে।” জাভেদ আখতার জানান, তিনি নিজে কখনও এমন কিছু অনুভব করেননি এবং বলিউডে এখনও ট্যালেন্টের দমে কাজ পাওয়া যায়।











