পুজোর আগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে একের পর এক হাই-প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচ। আগামী ৩ অক্টোবর ভারত-ব্রাজিল এবং ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচ ঘিরে তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। দুই ম্যাচেই রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবে। সব মিলিয়ে প্রায় ২ হাজার পুলিশকর্মী মোতায়েন রাখার পরিকল্পনা করা হয়েছে।
India vs Brazil Match Security: টিকিট থেকে গ্যালারি, নজরে সবকিছু
ম্যাচের দিন যুবভারতীর নিরাপত্তা ব্যবস্থা থাকবে একাধিক স্তরে। মাঠের বাইরে থেকে শুরু করে স্টেডিয়ামের প্রবেশপথ, গ্যালারি এবং মাঠের আশপাশ—সব জায়গাতেই থাকবে কড়া নজরদারি। দর্শকদের জন্য নির্দিষ্ট গেট ও আসন নম্বর মেনে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। টিকিটে যে সিট নম্বর উল্লেখ থাকবে, সেই অনুযায়ীই বসতে হবে দর্শকদের। গ্যালারিতে জল সরবরাহের ব্যবস্থাও রাখা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেডিয়ামের কয়েকটি প্রবেশপথ চওড়া করা এবং নতুন গেট তৈরির কাজও হয়েছে।
শুধু রাজ্য প্রশাসন নয়, ব্রাজিলের তরফেও আলাদা নিরাপত্তা দল কলকাতায় আসছে। আট সদস্যের ওই দলের মধ্যে নিরাপত্তা বিশেষজ্ঞ এবং প্রাক্তন সেনাকর্মীরাও থাকবেন বলে জানা গিয়েছে।
বিনামূল্যে পেতে পারেন ব্রাজিল বনাম ভারত ম্যাচের টিকিট, কীভাবে? জেনে নিন
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা রাফিনিয়াকে নিয়ে
এদিকে ম্যাচের আগেই ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। রাফিনিয়া কলকাতায় আসছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ডান উরুতে চোট পাওয়ার পর পরীক্ষা করে তাঁর ডান উরুর পিছনের অংশে সামান্য পেশির সমস্যা ধরা পড়েছে। তাই তিনি বার্সেলোনায় ফিরে গিয়ে চিকিৎসা করবেন। তবে এই মুহূর্তে তাঁর জায়গায় নতুন কোনও ফুটবলারকেও দলে নেওয়া হচ্ছে না।
তবে রাফিনিয়া না থাকলেও ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, মারকুইনহোসদের নিয়ে ব্রাজিলের তারকাখচিত দলকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ৩ অক্টোবরের পর তিন দিন বাদেই ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।











1 thought on “ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে কড়া নিরাপত্তা, রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী”
Comments are closed.