অভিনেতা মুস্তাক খানের প্রার্থনা সভা থেকে রজপাল যাদবকে তাড়িয়ে দেওয়া হয়নি। ভাইরাল হওয়া ভিডিয়ো ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর এমনই দাবি কনটেন্ট ক্রিয়েটর নাজমা শেখের। তাঁর বক্তব্য, রজপালকে নয়, প্রার্থনা সভায় দাঁড়িয়ে একের পর এক ছবি ও সেলফি তোলা ব্যক্তিদেরই তিনি সরতে বলেছিলেন। (Rajpal Yadav) শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে ঘটনা ব্যাখ্যা করেন নাজমা। তাঁর দাবি, মুস্তাক খানের সঙ্গে রজপাল যাদবের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তাঁরা একে অপরকে পরিবারের সদস্যের মতো দেখতেন। মুস্তাক খানের মৃত্যুর দু’ঘণ্টা আগেও রজপাল তাঁর সঙ্গে ছিলেন বলে জানান নাজমা।
‘রজপাল নয়, ছবি তোলা ব্যক্তিদের বলেছিলাম’
মুস্তাক খানকে কবরস্থানে নিয়ে যাওয়ার সময়ও রজপাল উপস্থিত ছিলেন। প্রার্থনা সভাতেও তিনি ছিলেন। নাজমার কথায়, রজপাল যাদব মুস্তাক খানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তাঁকে প্রার্থনা সভা থেকে বেরিয়ে যেতে বলা হয়নি। নাজমা জানান, ওই অনুষ্ঠানে কয়েকজন, অভিনেতাদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন। অভিনেতা মুকেশ ঋষি, উপাসনা সিং এবং রজপাল যাদবের সঙ্গেও অনেকে ছবি তুলছিলেন। (Rajpal Yadav) নাজমার আপত্তি ছিল এই আচরণেই। তাঁর কথায়, সেটি কোনও সেলফি তোলার জায়গা ছিল না। ছিল একজন প্রয়াত মানুষের জন্য প্রার্থনা করার সময়। সেই পরিবেশের কথা মাথায় না রেখে ছবি তোলায় তিনি রেগে যান।
‘ভুল বার্তা ছড়াবেন না’
নাজমা আরও বলেন, তাঁর রাগ রজপালের উপর ছিল না। তিনি ছবি তুলতে থাকা মানুষদের উদ্দেশেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার ভিডিয়ো থেকেই রজপালকে প্রার্থনা সভা থেকে তাড়িয়ে দেওয়ার দাবি ছড়িয়ে পড়ে।
মিডিয়ার কাছে নাজমার আবেদন, পুরো ঘটনা না জেনে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা উচিত নয়। তিনি বলেন, ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট দেখে সত্যিটা প্রকাশ করা হোক। (Rajpal Yadav)










