ফুলেরা গ্রামের পরিচিত পরিবেশ, পঞ্চায়েতের নানা সমস্যা আর গ্রামবাসীদের মজার কাণ্ডকারখানা। আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। পঞ্চম মরশুমের অপেক্ষার অবসান হতে চলেছে আগামী সপ্তাহেই। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’। আগের মরশুমগুলির মতোই নতুন সিজন দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন মরশুমের ট্রেলার। ফলে দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ বাড়ছে।জিতেন্দ্র কুমার অভিনীত অভিষেক ত্রিপাঠীর জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে এই সিরিজের গল্প। শহর থেকে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিবের চাকরি নিয়ে আসা অভিষেক ধীরে ধীরে গ্রামের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে। সাধারণ গ্রামীণ জীবন, রাজনীতি, সম্পর্ক এবং হাস্যরসের মিশেলে দর্শকদের মন জয় করেছে এই সিরিজ।(Panchayat Season 5)
চতুর্থ মরশুমের গল্প কোথায় শেষ হয়েছিল?
‘পঞ্চায়েত ৪’-এর মূল আকর্ষণ ছিল ফুলেরা গ্রামের প্রধান নির্বাচন। মঞ্জু দেবী ও ক্রান্তি দেবীর মধ্যে নির্বাচনী লড়াই ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। শেষ পর্যন্ত মঞ্জু দেবীকে হারিয়ে নতুন প্রধান হন ক্রান্তি দেবী। অন্যদিকে, পঞ্চায়েত সচিবের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবছিলেন অভিষেক। ফুলেরা ছেড়ে এমবিএ পড়ার লক্ষ্যে ক্যাট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় উত্তীর্ণও হয় অভিষেক। (Panchayat Season 5)
নতুন মরশুমে কী চমক?
পঞ্চম মরশুমে অভিষেকের পরবর্তী জীবনই গল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে। ক্যাট পাশ করার পর এমবিএ পড়তে ফুলেরা ছেড়ে যাওয়ার সুযোগ পেতে পারে সে। কিন্তু গ্রামের মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক ছেড়ে যাওয়া কি এত সহজ হবে? পাশাপাশি রিঙ্কির সঙ্গে অভিষেকের সম্পর্কও নতুন মরশুমে বেশি গুরুত্ব পেতে পারে। অন্যদিকে, নতুন প্রধান ক্রান্তি দেবীর নেতৃত্বে পঞ্চায়েতের কাজের পরিবেশ অভিষেকের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে। নির্মাতাদের প্রকাশিত গল্পের বিবরণ অনুযায়ী, নতুন নেতৃত্বের বিরূপ আচরণের মধ্যেই নিজের এমবিএর স্বপ্ন পূরণের প্রস্তুতি নেবে অভিষেক। তবে ফুলেরা ছাড়ার আগে বাকি কাজগুলি গুছিয়ে নিতে হবে তাঁকে।
কারা থাকছেন অভিনয়ে?
নতুন মরশুমেও ফিরছেন পুরনো পরিচিত অভিনেতারা। অভিষেক ত্রিপাঠীর চরিত্রে জিতেন্দ্র কুমার, মঞ্জু দেবীর ভূমিকায় নীনা গুপ্তা এবং ব্রিজভূষণ দুবের চরিত্রে রঘুবীর যাদবকে দেখা যাবে। রিঙ্কির চরিত্রে থাকছেন সানভিকা। এছাড়াও বিকাশের ভূমিকায় চন্দন রায় এবং প্রহ্লাদ পাণ্ডের চরিত্রে ফয়সল মালিক ফিরছেন।
সব মিলিয়ে ৩ ডিসেম্বর থেকে আবারও ফুলেরার গ্রামীণ জীবন, সম্পর্কের টানাপোড়েন এবং হাস্যরসের সাক্ষী হতে চলেছেন দর্শকরা। এবার অভিষেক সত্যিই ফুলেরা ছেড়ে নতুন জীবনের পথে পা বাড়ায় কি না, সেটাই দেখার। (Panchayat Season 5)














