মঞ্চে তখন হাজার হাজার অনুরাগীর উচ্ছ্বাস। গানের ফাঁকেই হঠাৎ বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সরাসরি প্রশ্ন তুললেন, একই মঞ্চে বিদেশি শিল্পীরা ‘Drunk and High’-এর মতো কথা থাকা গান গাইলে আপত্তি ওঠে না, অথচ তাঁর গানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কেন? এই দ্বিচারিতা নিয়েই এবার সরব হলেন দিলজিৎ। তাঁর বক্তব্য, বিদেশি শিল্পীদের ক্ষেত্রে যে স্বাধীনতা রয়েছে, ভারতীয় শিল্পীদের ক্ষেত্রে তা দেখা যায় না। (Diljit Dosanjh Song Controversy)
কোল্ডপ্লের সঙ্গে তুলনা টেনে প্রশ্ন
শনিবার, ২১ নভেম্বর, আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘আউরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অনুষ্ঠান ছিল দিলজিতের। সেখানেই গান পরিবেশনের ফাঁকে নিজের ক্ষোভের কথা জানান তিনি। গত বছর এই একই স্টেডিয়ামে অনুষ্ঠান করেছিল আন্তর্জাতিক ব্যান্ড কোল্ডপ্লে। তাদের ‘Got Me Feeling Drunk and High’ গানটির প্রসঙ্গ টেনে দিলজিৎ প্রশ্ন করেন, কোল্ডপ্লে যখন এই ধরনের গান গায়, তখন কারও আপত্তি হয় না কেন?দিলজিতের কথায়, কোল্ডপ্লের গান তাঁর নিজেরও পছন্দ। কিন্তু সেই একই ধরনের গান তিনি গাইতে গেলেই সমস্যা তৈরি হয়। বিদেশ থেকে আসা শিল্পীরা একই মঞ্চে গান গাইতে পারলেও তাঁকে কেন বাধার মুখে পড়তে হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। (Diljit Dosanjh Song Controversy)
‘আমাকে খোঁচালে জবাব দেব’
অনুষ্ঠানে দিলজিৎ আরও বলেন, তাঁকে নিয়ে বিতর্ক বা সমালোচনা হলে তাঁর কোনও সমস্যা নেই। বরং এই পরিস্থিতি তিনি উপভোগ করছেন। সমালোচকদের প্রতিও ভালোবাসা পাঠানোর কথা জানান গায়ক। তিনি স্পষ্ট বলেন, তাঁকে খোঁচানো হলে তিনি জবাব দেবেন। অনুষ্ঠান করবেন, ‘কর’- দেবেন এবং নিজের কাজ চালিয়ে যাবেন। তাঁর জন্ম যে ভারতেই, বিদেশে নয়, সেই কথাও মনে করিয়ে দেন তিনি।
উল্লেখ্য, এর আগে তাঁর ইন্দোরের অনুষ্ঠানেও চারটি গান পরিবেশনে নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছিলেন দিলজিৎ। আগামী ২৭ নভেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে তাঁর পরবর্তী অনুষ্ঠান হওয়ার কথা। ‘আউরা ইন্ডিয়া ট্যুর ’-এর অংশ হিসেবেই সেখানে পারফর্ম করবেন তিনি। (Diljit Dosanjh Song Controversy)













