মায়ের খুনের মামলায় সাক্ষী ছিল মেয়ে। তারই কি খেসারত দিতে হলো নবম শ্রেণির ছাত্রীকে? সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সোনরপুরের বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই উঠছে এই প্রশ্ন। প্রায় তিন বছর জেল খাটার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বাবা। আর তার কিছুদিনের মধ্যেই বাড়ি থেকে উদ্ধার হলো মেয়ের ঝুলন্ত দেহ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এই ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।
Sonarpur Student Death: মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় সায়নীর বাবা সমীর শিকারিকে। মায়ের খুনের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল সায়নী নিজেই। মায়ের মৃত্যুর পর থেকে মামার বাড়িতে থাকত সে। সম্প্রতি প্রায় তিন বছর জেল খাটার পর মুক্তি পান সমীর। এরপর থেকেই মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন তিনি বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাবার এই যোগাযোগের বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। তাঁদের অভিযোগ, পুলিশের পক্ষ থেকে সায়নীর মোবাইলের সিম কার্ড বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়। সেই মতো নম্বরও পরিবর্তন করা হয়। কিন্তু পরিবারের দাবি, নতুন মোবাইল নম্বরও কোনওভাবে জেনে যান সমীর।
বাড়ি ফিরে নাতনির ঝুলন্ত দেহ দেখেন দাদু, জড়িত বাবা?
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে সায়নীর দাদু ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি সায়নীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মৃত্যুর আগে কারও সঙ্গে তার কথা হয়েছিল কি না, তা জানতে কল রেকর্ড-সহ ফোনের অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সায়নীর মৃত্যুর পিছনে তার বাবার ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন মামার বাড়ির সদস্যরা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সামনে আসেনি।
মায়ের খুনের মামলায় সাক্ষী হওয়ার কারণে কি কোনও চাপের মধ্যে ছিল সায়নী? বাবার জেলমুক্তির পর কি নতুন করে কোনও সমস্যা তৈরি হয়েছিল? নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? একাধিক প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।













