ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইতু পুজো, শস্যের সমৃদ্ধি ও সংসারের মঙ্গল কামনায় জানুন এই ব্রতের নিয়ম

Itu Puja
---Advertisement---

বাংলার বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের অন্যতম প্রাচীন লোকাচার হল ইতু পুজো। মূলত শস্যের বৃদ্ধি, পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় এই ব্রত পালন করা হয়। সূর্যদেবতার আরাধনার সঙ্গেও এই পুজোর যোগ রয়েছে বলে মনে করা হয়। গ্রামবাংলার কৃষিনির্ভর জীবন ও লোকবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই উৎসব।

Itu Puja: কার্তিক সংক্রান্তিতে শুরু, অগ্রহায়ণ জুড়ে চলে পুজো

কার্তিক সংক্রান্তির দিন মাটির পাত্রে বা সরায় মাটি দিয়ে ইতু ঘট স্থাপনের মাধ্যমে এই ব্রতের সূচনা হয়। এরপর গোটা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার নিয়ম মেনে পুজো করা হয়। সকালে শুদ্ধ বস্ত্রে ইতুকে জল দেওয়ার পাশাপাশি নৈবেদ্য সাজিয়ে ব্রতকথা শোনার রীতি রয়েছে। অগ্রহায়ণ সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্য দিয়ে ব্রত শেষ হয়।

কী কী উপকরণ লাগে ইতু পুজোয়?

ইতু পুজোয় একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে ধান, ছোলা, মটর, মুগ, তিল, যব কিংবা পাঁচ কলাই পুঁতে দেওয়া হয়। পাশাপাশি কলমি লতা, মানকচু ও আখের মতো গাছও লাগানো হয়। এছাড়া পুজোয় সোনা বা রুপোর টোপর, জামাই-নাড়ু, ফল, মিষ্টি, খই ও কাজললতা ব্যবহার করা হয়।

ইতু নামের উৎস কী?

‘ইতু’ বা ‘ইঁয়তি’ শব্দটির উৎপত্তি নিয়ে একাধিক মত রয়েছে। কারও মতে, এর সঙ্গে সূর্যদেবতা মিত্রের যোগ রয়েছে। আবার অন্য একটি ধারণা অনুযায়ী, প্রাচীন ইন্দ্রপুজোর ‘ইন্দ্রস্তূপ’ শব্দ থেকেই ইতু নামের উৎপত্তি। প্রকৃতির শস্য ও সূর্যের আরাধনার দিক থেকে বিহারের ছট পুজোর সঙ্গেও ইতু পুজোর কিছু মিল খুঁজে পাওয়া যায়।

আসলে ইতু পুজো শুধু একটি ধর্মীয় ব্রত নয়। এর প্রতিটি উপকরণে লুকিয়ে রয়েছে শস্যের কামনা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং পরিবারের মঙ্গল চাওয়ার ভাবনা। আধুনিক সময়েও বাংলার বিভিন্ন প্রান্তে এই লোকাচার পালিত হয়। সব মিলিয়ে ইতু পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, শস্যের প্রাচুর্য এবং সংসারের মঙ্গল কামনার এক প্রাচীন বাঙালি লোকউৎসব।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now