পর্যটকদের সুবিধার্থে নতুন অনলাইন বুকিং পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম (WBTDCL)। এবার ঘরে বসেই জানা যাবে রাজ্যের পর্যটন লজগুলিতে ঘর খালি রয়েছে কি না। করা যাবে অনলাইন বুকিং এবং পেমেন্টও। এমনকী বুকিংয়ের স্ট্যাটাস জানার জন্যও আর ছোটাছুটি করতে হবে না। নতুন এই পোর্টালের মাধ্যমে রাজ্যের পর্যটন পরিষেবাকে আরও সহজ ও আধুনিক করে তুলতে চাইছে সরকার। (West Bengal Tourism Online Booking Portal)
এক ক্লিকেই বুকিং ও পেমেন্ট
নতুন পোর্টালে প্রতিটি পর্যটন সম্পত্তির ছবি এবং পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। পর্যটকরা সহজেই ঘরের প্রাপ্যতা যাচাই করে বুকিং করতে পারবেন। কার্ড এবং QR কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধাও থাকছে। বুকিংয়ের বর্তমান অবস্থাও জানা যাবে পোর্টাল থেকেই। নতুন পোর্টালের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, বর্তমানে WBTDCL-এর অধীনে ৪০টি পর্যটন সম্পত্তি রয়েছে। সেখানে মোট ৮১৪টি ঘর রয়েছে। পুরনো ওয়েবসাইটের বুকিং ব্যবস্থা নিয়ে পর্যটকদের একাংশের অভিযোগ ছিল। সেই সমস্যা দূর করতেই নতুন ও সহজে ব্যবহারযোগ্য পোর্টাল তৈরি করা হয়েছে। প্রতিটি পর্যটন সম্পত্তিতে পর্যটকদের সংখ্যা বাড়ানোও এই উদ্যোগের লক্ষ্য। (West Bengal Tourism Online Booking Portal)
পর্যটনের প্রচারে ভিডিয়ো ও গল্প
শুধু বুকিং নয়, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রচারেও ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি পর্যটন গন্তব্যের ৩০ সেকেন্ডের ভিডিয়ো পোর্টালে আপলোড করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, আকর্ষণ এবং স্থানীয় গল্প তুলে ধরা হবে। ভবিষ্যতে রেজিস্টার্ড হোটেল, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট গাইডদের তথ্য নিয়ে আলাদা ওয়েবসাইট বা অ্যাপ তৈরির পরিকল্পনাও রয়েছে। MSME-র মাধ্যমে প্রশিক্ষিত পর্যটন গাইড তৈরির উদ্যোগ নেওয়া হবে। (West Bengal Tourism Online Booking Portal)
পর্যটকদের মতামতকে গুরুত্ব
নতুন পোর্টালে পর্যটকদের রিভিউ দেওয়ার ব্যবস্থাও থাকবে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কথায়, সমালোচনা আমাদের সামনে আয়না ধরতে সাহায্য করে। তাই পর্যটকদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে পরিষেবার মান উন্নত করা হবে। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকাঠামো উন্নয়ন, মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ে জোর দেওয়া হবে। কিছু ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে কাজ করার পরিকল্পনা রয়েছে। পর্যটন সম্পত্তি ও রেস্তরাঁ পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে দেওয়ার ভাবনাও রয়েছে। এ জন্য শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে।
এছাড়া পর্যটন প্যাকেজ, তীর্থযাত্রা এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রবেশমূল্যের অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। বেঙ্গল সাফারির কিছু অংশের টিকিট অনলাইনে পাওয়া যায় কি না, তা নিয়েও বন দফতরের সঙ্গে আলোচনা করবে পর্যটন দফতর। (West Bengal Tourism Online Booking Portal)










