আর পাঁচটি দিনের মতো স্কুলে গিয়েছিল সে। চলছিল নিয়মিত ক্লাসও। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। স্কুলের চারতলার বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর জখম হলো অষ্টম শ্রেণির এক ছাত্র। মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার দমদমের সেন্ট স্টিফেন স্কুলের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত পড়ুয়ার নাম তানিস দাস। বর্তমানে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে।
Dumdum School Student Accident: ঠিক কীভাবে ঘটল ঘটনা?
স্কুল কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও স্কুলে এসেছিল তানিস। স্বাভাবিকভাবেই ক্লাস করছিল সে। অভিযোগ, চতুর্থ পিরিয়ড শেষ হওয়ার পর হঠাৎই স্কুলের চারতলার বারান্দায় চলে যায় ওই পড়ুয়া। সেখানকার প্রায় চার ফুট উঁচু দেওয়াল টপকে নীচে পড়ে যায় সে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়।অসাবধানতাবশত পড়ে গিয়েছিল, নাকি নিজেই উপর থেকে ঝাঁপ দিয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ঘটনার পর স্কুলের অন্যান্য পড়ুয়ারাই বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এরপর আর দেরি না করে গুরুতর আহত অবস্থায় তানিসকে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত তার চিকিৎসা চলছে।
স্কুলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
এই ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে আসছে। অষ্টম শ্রেণির এক পড়ুয়া কীভাবে স্কুলের চারতলার বারান্দার উঁচু দেওয়াল টপকে নীচে পড়ে গেল? স্কুলে পড়ুয়াদের নিরাপত্তার ব্যবস্থা কতটা মজবুত? কোনও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। দমদম থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছে।
অন্যদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের বক্তব্য, একটি স্কুলে অষ্টম শ্রেণির পড়ুয়ার সঙ্গে এমন ঘটনা কোনওভাবেই কাম্য নয়। স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে। পাশাপাশি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তার প্রকৃত কারণ সামনে আসুক, এখন সেটাই চাইছেন পড়ুয়া ও অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।










