আশীর্বাদ পর্বের খবর প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে হাজির কার্তিক! তাও আবার রাতের অন্ধকারে। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় কার্তিকের মূর্তি দেখে রীতিমতো অবাক তৃণমূলের প্রাক্তন যুবনেতা দেবাংশু। কে বা কারা এমন কাণ্ড ঘটালেন, তা জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছেন তিনি। পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে মজার ছলেই গোটা ঘটনা জানিয়েছেন দেবাংশু।
সিসিটিভিতে ধরা পড়ল দুই বাইক আরোহী
নিজের পোস্টে দেবাংশু লেখেন, সকালে উঠে দেখেন সদর দরজায় কে বা কারা কার্তিককে রেখে গিয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হেলমেট পরা দুই ব্যক্তি বাইকে চেপে রাত সাড়ে তিনটে নাগাদ এসে এই কাণ্ড ঘটিয়েছেন। তবে তাঁদের চিনতে পারেননি তিনি। এরপরই মজার সুরে দেবাংশুর মন্তব্য, ”আমি এখনও বিবাহিত নই। পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ!” অর্থাৎ বিয়ের সানাই এখনও বাজেনি, তার আগেই বাড়িতে কার্তিকের আগমন! অবশ্য অতিথি যখন এসেছেন, তাঁকে আর ফেরাননি দেবাংশু। সপরিবারে সাদরে গ্রহণ করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন পছন্দের খাবারের মেনুও। (Debangshu Bhattacharya Kartik Puja)
ফেসবুকে ‘এনগেজড’ হতেই শুরু চর্চা, ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে?
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘এনগেজড’ করেন দেবাংশু। জানান, প্রেমিকার সঙ্গে পারিবারিক আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁর। যদিও হবু স্ত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেননি তিনি। ফলে প্রশ্ন একটাই, কে সেই তরুণী?
রাজনীতির মাঠ থেকে আপাতত ব্যক্তিগত জীবনের ইনিংসে দেবাংশু
একসময় বাংলার রাজনীতিতে বেশ পরিচিত মুখ ছিলেন দেবাংশু। তাঁর ‘খেলা হবে’ স্লোগান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তবে রাজনৈতিক পালাবদলের পর থেকে সক্রিয় রাজনীতিতে তাঁকে বিশেষ দেখা যায়নি। এখন ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় তিনি। সব মিলিয়ে দেবাংশুর জীবনে নতুন ইনিংস শুরুর প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা বলাই যায়। তবে বিয়ের আগেই কার্তিকের এমন আগাম উপস্থিতি যে নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।









