বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়াতেও। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে বৃষ্টি। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওডিশা উপকূলে জারি হয়েছে সাইক্লোন অ্যালার্ট।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণ-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ‘আকভান’।
Weather Update: শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার দিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘আকভান’। বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুরে নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে সেটি। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
বৃহস্পতি ও শুক্রবার বাড়বে বৃষ্টি
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। দু’দিনই বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শনিবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে আপাতত স্বস্তি
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার ও রবিবার মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন, তাঁদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।










