এবার দক্ষিণ ২৪ পরগনার একটি বেসরকারি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে উঠল একাধিক অভিযোগ। এলাকায় অবস্থিত HHP হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, অ্যাম্বুলেন্স চলাচলের পরিসর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পাশাপাশি হাসপাতালের চেয়ারম্যান বসন্ত শেঠিয়ার সঙ্গে যুক্ত একটি সংস্থার কাছে বাবার পাওনা টাকা না পাওয়ার অভিযোগও সামনে এনেছেন এক যুবক।
Allegations Against Hospital: হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে প্রশ্ন
গড়িয়ার সাহেব নস্করের অভিযোগ, হাসপাতালে অ্যাম্বুলেন্স ঢোকা ও বেরনোর পর্যাপ্ত পরিসর নেই। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও একাধিক গাফিলতি রয়েছে বলে তাঁর দাবি। এমনকী, হাসপাতালের ফায়ার লাইসেন্স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা মণ্ডলের অভিযোগ, হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার রাখার জায়গার পরিবেশ অস্বাস্থ্যকর। হাসপাতালের ভিতরেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না বলে দাবি তাঁর।
বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ যুবকের
এরই মধ্যে আর্থিক বকেয়া সংক্রান্ত অভিযোগ সামনে এনেছেন এক যুবক। তাঁর দাবি, বেঙ্গল অগ্নিটেক লিমিটেড সংস্থার একটি প্রকল্পে তাঁর বাবা লেবার কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। জমি সংক্রান্ত সমস্যার কারণে বসন্ত শেঠিয়া প্রকল্পটি বন্ধ করে দেন বলে অভিযোগ। সেই সময় তাঁর বাবার প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা পাওনা ছিল। যুবকের দাবি, বকেয়া টাকা না মেটানোয় শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন অপমানিত হতে হত তাঁর বাবাকে। এই মানসিক চাপের মধ্যেই তাঁর বাবার মৃত্যু হয়।
যদিও এ বিষয়ে বসন্ত শেঠিয়ার বক্তব্য, তিনি তাঁর কোম্পানির ইনস্ট্রুমেন্ট কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছেন, যার বাজারমূল্য বকেয়া অর্থের থেকেও বেশি। হিসাব অনুযায়ী, এখনও তাঁর টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগ এলে তদন্ত করবে সংশ্লিষ্ট দফতর: বিধায়ক
অন্যদিকে, সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর জানান, তাঁদের কাছে কোনও অভিযোগ এলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তাঁরা নিজেরা তদন্ত করেন না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা ফায়ার সংক্রান্ত কোনও গাফিলতি থাকলে সংশ্লিষ্ট দফতরই বিষয়টি খতিয়ে দেখবে।
অভিযোগ অস্বীকার চেয়ারম্যানের
তবে হাসপাতালের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান বসন্ত শেঠিয়া। তাঁর দাবি, হাসপাতালে সারাদিন অ্যাম্বুলেন্স যাতায়াত করে। অগ্নিনির্বাপণের জন্য উন্নত ব্যবস্থা, ফায়ার অ্যালার্ম এবং বড় পাম্প রয়েছে। নিয়মিত সেগুলির রক্ষণাবেক্ষণও করা হয়। তাঁর আরও দাবি, ২০২৯ সাল পর্যন্ত ফায়ার সার্ভিসের অনুমতিপত্র রয়েছে হাসপাতালের। আধিকারিকেরা এসেও সেই অনুমতি পত্র খতিয়ে দেখেছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।













