বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের প্রধান আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আপাতত আর শক্তি বাড়াবে না। তবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শুক্রবার, ২০ নভেম্বর দুপুরের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আছড়ে পড়তে পারে। (Akvan Weather Update)
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অবস্থান
ঘূর্ণিঝড় ‘আকভান’ দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী এলাকা দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। (Akvan Weather Update)
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার এই বৃষ্টির পরিধি বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (Akvan Weather Update)
শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা
শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার সব জেলাতেই বৃষ্টি হতে পারে। পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে আপাতত স্বস্তি
উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে।
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শুক্রবার পর্যন্ত উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ১৯ ও ২০ নভেম্বর পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন সমুদ্রে মাছ ধরতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। (Akvan Weather Update)












