লাল কার্পেটে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের দিকে এগিয়ে গেলেন ভ্লাদিমির পুতিন। এরপর তিন রাষ্ট্রনেতা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন পরস্পরের সঙ্গে করমর্দন করেন। বিনিময় করেন শুভেচ্ছাও। এমনকী, একে অপরের কাঁধে হাত রাখতেও দেখা যায় তাঁদের। পাশে দাঁড়িয়ে ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সন্ধ্যায় চিনের শেনঝেনে এই দৃশ্য দেখা যায়। এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনকে ঘিরে এই প্রথম একসঙ্গে দেখা গেল তিন রাষ্ট্রনেতাকে। (Trump Putin Xi Jinping Meeting in China)
বৃহস্পতিবার তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রস্তাবিত ত্রিপাক্ষিক বৈঠকের আগে এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিয়ুয়ানের দেওয়া বিশেষ নৈশভোজের আগে এই সাক্ষাৎ হয়। শেনঝেনে আয়োজিত এপেক সম্মেলনের অংশ হিসেবেই এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
ট্রাম্প-পুতিনের সৌজন্য বিনিময়
দীর্ঘদিন পর মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। ২০২৫ সালের অগস্টে আলাস্কায় রাশিয়া-আমেরিকা শীর্ষ বৈঠকের পর এই প্রথম তাঁদের দেখা হল। বুধবারের সাক্ষাতে দুজনকেই বেশ স্বাভাবিক ও সৌজন্যপূর্ণ মেজাজে দেখা যায়। ক্রেমলিনের পুল টিম টেলিগ্রামে এই মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ করেছে। এর আগে শেনঝেনে পৌঁছে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। মস্কো ও বেজিংয়ের বিদেশনীতি সঠিক পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, এয়ার ফোর্স ওয়ানে চড়ে চিনে পৌঁছন ট্রাম্প। বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান শি জিনপিং। চিনের সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্পকে স্বাগত জানাতে সামরিক বাহিনীর বিশেষ অভ্যর্থনা, শিশুদের ফুল দেওয়া এবং আকাশে যুদ্ধবিমানের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। (Trump Putin Xi Jinping Meeting in China)
চিন-আমেরিকা সম্পর্ক নিয়ে বার্তা শি-র
ট্রাম্পের এই চিন সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেজিং। চিনের সরকারি সংবাদ মাধ্যম জিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, শি জিনপিং চিন-আমেরিকা সম্পর্ক, এশিয়া-প্যাসিফিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চান। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার বার্তাও দিয়েছেন তিনি। (Trump Putin Xi Jinping Meeting in China)
এর আগে সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে শি ও তাঁর স্ত্রীকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। সেই প্রসঙ্গও বুধবারের সাক্ষাতে তুলে ধরেন শি। ট্রাম্পও ব্যক্তিগতভাবে তাঁকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ জানান।
বৃহস্পতিবারের বৈঠকে নজর
এদিকে, ট্রাম্পের চিন সফরের আগে ২১ ঘণ্টার জন্য ফিলিপিন্সের ম্যানিলায় ছিলেন তিনি। সেখানে আসিয়ান সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দেখা করেন ট্রাম্প। থাইল্যান্ড ও ফিলিপিন্সের সঙ্গে বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেন তিনি। অন্যদিকে, ক্রেমলিনের শীর্ষ আধিকারিক ইউরি উশাকভ জানিয়েছেন, এপেক সম্মেলন চলাকালীন ট্রাম্প ও পুতিনের একাধিকবার দেখা হতে পারে। বৃহস্পতিবার সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি অধিবেশন শেষেও তাঁদের সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন তিনি। বড় প্রতিনিধি দল ছাড়াও দুই নেতার মধ্যে আলাদা করে আলোচনা হতে পারে। ফলে বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ট্রাম্প-পুতিনের পৃথক আলোচনার দিকেও নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। (Trump Putin Xi Jinping Meeting in China)














