ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য সচেতন করতে ‘আরোগ্য চেতনা’, যৌথ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার ও CMRI-এর

---Advertisement---

শুধু বইয়ের পড়াশোনা নয়, স্কুলের পড়াশুনার সাথেই এবার গুরুত্ব পাবে স্বাস্থ্য ও ব্যক্তিগত নিরাপত্তার শিক্ষা। ছোটবেলা থেকেই পড়ুয়াদের সুস্থ থাকার অভ্যাস তৈরি করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার ও সি কে বিড়লা হাসপাতাল-CMRI। (CMRI Hospital Kolkata) দুই সংস্থার যৌথ উদ্যোগে চালু হল ‘আরোগ্য চেতনা’ নামে একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। ক্লাসিক এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় এই পাইলট প্রকল্প শুরু করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য এই কর্মসূচি পরিচালিত হবে।

২০২৬ সালের ১৭ নভেম্বর, শুক্রবার কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ক্রিস্টাল রুমে সন্ধ্যা ৭টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ, ডা. শঙ্কর ঘোষ, ডা. সোমব্রত রায়, সৈকত রায় এবং সিএমআরআই হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা। এছাড়াও ক্লাসিক এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পোলা কর বিশ্বাস ও অনির্বাণ বিশ্বাস।

কী শেখানো হবে পড়ুয়াদের?

‘আরোগ্য চেতনা’ কর্মসূচির মূল উদ্দেশ্য হল ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তোলা। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, বাস্তব জীবনে কাজে লাগে এমন কিছু প্রয়োজনীয় দক্ষতাও শেখানো হবে পড়ুয়াদের।

এই কর্মসূচির আওতায় রয়েছে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ। কোনও সাধারণ দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে কীভাবে প্রাথমিক চিকিৎসা করতে হবে, সে সম্পর্কে ধারণা দেওয়া হবে।পাশাপাশি গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কেও সচেতন করা হবে শিশুদের। ব্যক্তিগত সীমানা কী, কোন আচরণ অনুপযুক্ত এবং এমন পরিস্থিতিতে কীভাবে সাহায্য চাইতে হবে, তা শেখানো হবে। (CMRI Hospital Kolkata)

এছাড়া দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে। অগ্নি নিরাপত্তা, ধারালো জিনিস ব্যবহারের সময় সতর্কতা, বৈদ্যুতিক নিরাপত্তা, অপরিচিত ব্যক্তিদের থেকে সাবধান থাকা এবং রাস্তায় চলাচলের নিয়ম সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।

কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?

সিএমআরআই হাসপাতালের জোনাল হেড ডা. সোমব্রত রায় জানান, শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরির কাজ ছোটবেলা থেকেই শুরু হওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে স্কুলগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘আরোগ্য চেতনা’-র মাধ্যমে হাসপাতালের বাইরে স্কুল ও পড়ুয়াদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞান পৌঁছে দিতে চায় কর্তৃপক্ষ। তাঁর মতে, প্রাথমিক চিকিৎসা, ব্যক্তিগত নিরাপত্তা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন ঝুঁকি সম্পর্কে শিশুদের সঠিক শিক্ষা দেওয়া জরুরি। এতে তারা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে পারবে। একই সঙ্গে ছোটবেলা থেকেই দায়িত্বশীল স্বাস্থ্যাভ্যাস গড়ে উঠবে। (CMRI Hospital Kolkata)

সম্পূর্ণ বিনামূল্যে কর্মসূচি

‘আরোগ্য চেতনা’ আপাতত একটি পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। স্কুলগুলির মধ্যে স্বাস্থ্য ও নিরাপত্তা সচেতনতার পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য। উল্লেখযোগ্য বিষয় হল, এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কোনও স্কুল, পড়ুয়া বা স্কুল শিক্ষা দফতরকে টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর্থিক সমস্যার কারণে যাতে কোনও পড়ুয়া স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালে কলকাতায় প্রতিষ্ঠিত সি কে বিড়লা হাসপাতাল-সিএমআরআই একটি এনএবিএইচ স্বীকৃত মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। ৪৪০ শয্যার এই হাসপাতালে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবার পাশাপাশি রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট, শ্বাসযন্ত্রের নিবিড় পরিচর্যা এবং অঙ্গ প্রতিস্থাপনের মতো পরিষেবাও রয়েছে। (CMRI Hospital Kolkata)

‘আরোগ্য চেতনা’-র মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষাকে হাসপাতালের বাইরে স্কুলস্তরে পৌঁছে দিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার ও সিএমআরআই। শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now