মিষ্টি ও বড়াপাও খাওয়ানোর কথা বলে স্কুটারে চাপিয়ে দুই ছেলেকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন বাবা। কিন্তু সেই আনন্দের বেড়ানোই শেষ পর্যন্ত পরিণত হল ভয়াবহ ঘটনায়। অভিযোগ, পাঁচ ও সাত বছরের দুই ছেলেকে মহারাষ্ট্রের একটি খালে ছুড়ে ফেলে দেন বাবা। বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েও শেষরক্ষা হয়নি দুই শিশুর। ‘বাবা, আমরা মরে যাব’—আতঙ্কে এমনই আকুতি জানিয়েছিল তারা। কিন্তু সেই কান্নায় মন গলেনি বাবার। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার পৈঠন তালুকের নান্দার গ্রামে। নিখোঁজ দুই শিশুর নাম আর্যন (৭) ও শ্যাম (৫)। ঘটনার পর অভিযুক্ত বাবা সোমনাথ দামোদর রোডগেকে গ্রেফতার করেছে পুলিশ। (Maharashtra News)
মিষ্টি খাওয়ানোর নাম করে নিয়ে যাওয়ার অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর সোমবার সন্ধ্যা নাগাদ ৪০ বছর বয়সি সোমনাথ তাঁর দুই ছেলেকে স্কুটারে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুই শিশুকে চকোলেট ও বড়াপাও খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁদের নিয়ে যাওয়া হয় নান্দার গ্রামের একটি খালের কাছে। সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, খালে জলের প্রবল স্রোত থাকা সত্ত্বেও দুই ছেলেকে জলে ঠেলে ফেলে দেন তিনি। (Maharashtra News)
বাধা দিতে গিয়ে আক্রান্ত কৃষকেরা
ঘটনার সময় খালের কাছে কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন। দুই শিশুকে জলে ফেলে দেওয়ার দৃশ্য দেখে তাঁরা ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন সোমনাথ। গালিগালাজও করেন তিনি। ফলে কৃষকেরা সময়মতো শিশু দুটিকে উদ্ধার করতে পারেননি। পরে তাঁরাই পুলিশকে খবর দেন। (Maharashtra News)
রাতভর তল্লাশি, নিখোঁজ দুই শিশু
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পৈঠন থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, জেরায় নিজের দুই ছেলেকে খালে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন সোমনাথ। তবে পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি আদালতে অপরাধ প্রমাণের চূড়ান্ত ভিত্তি নয়। অন্যদিকে, সোমবার রাত থেকেই পুলিশ, ডুবুরি এবং পরিবারের সদস্যরা খালে তল্লাশি শুরু করেন। জলের প্রবল স্রোত ও গতির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ১৭ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত দুই শিশুর কোনও খোঁজ মেলেনি। (Maharashtra News)
তবে কী কারণে সোমনাথ এমন ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও বিবাদ বা ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সে বিষয়েও কিছু জানা যায়নি। দুই শিশুর মায়ের পরিস্থিতি বা পরিবারের অন্য সদস্যদের বক্তব্যও প্রকাশ্যে আসেনি। আপাতত আর্যন ও শ্যামের সন্ধানেই চলছে তল্লাশি।













