জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হলো লস্কর-এ-তইবার কমান্ডার লতিফ ভাটের। বুধবার সকালে জাঙ্গালগাম গ্রামের এক মসজিদে তাঁকে ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। তবে তাকে আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল। এমনকি ভিডিয়ো কলের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের আবেদন জানান নিরাপত্তাবাহিনীর এক আধিকারিক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি এই জঙ্গি। শেষ পর্যন্ত দুপক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের নাকা চেকপোস্টে হামলার অন্যতম অভিযুক্ত ছিল লতিফ।
Lateef Bhat Encounter: ভিডিয়ো কলে আত্মসমর্পণের প্রস্তাব, তবুও অনড় লতিফ
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ যৌথ ভাবে জাঙ্গালগাম গ্রামে অভিযান চালায়। একটি মসজিদে লতিফের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। ভিডিয়ো কলে এক নিরাপত্তা আধিকারিক তাকে আত্মসমর্পণ করলে সাহায্যের আশ্বাস দেন। কিন্তু লতিফ সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর নিরাপত্তাবাহিনী মসজিদের দিকে এগোলে গুলি চালায় লতিফ। পাল্টা গুলি চালায় বাহিনী। তাতেই মৃত্যু হয় লতিফের।
সিআরপিএফ পোস্টে হামলার পর থেকেই খোঁজ
গত ১১ নভেম্বর কুলগামের আখরানে সিআরপিএফের একটি নাকা চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। আহত হন তিন নিরাপত্তাকর্মী। তদন্তে লতিফ এবং তার সহযোগী নিসার দারের নাম উঠে আসে। পুলিশের দাবি, হামলার আগের দিন মীর বাজার, আখরান, হাবলিশ ও কিলম-সহ একাধিক এলাকায় ঘুরে সম্ভাব্য হামলার জায়গা চিহ্নিত করেছিল তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দু’জনের গতিবিধি শনাক্ত করেন তদন্তকারীরা।
আগেই নিহত হয়েছিল সহযোগী নিসার, এবার লতিফ
লতিফ ও নিসারকে ধরতে সোমবার কুলগামের লারু এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। সেই সংঘর্ষে নিহত হয় নিসার দার। তবে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। পুলিশের আরও দাবি, গত পাঁচ থেকে ছয় মাস ধরে নিসার লতিফকে আশ্রয় ও প্রয়োজনীয় রসদ জুগিয়েছিল। গত ২২ জুলাই অনন্তনাগে এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনাতেও লতিফের যোগ ছিল বলে অভিযোগ। হামলার পর থেকে কুলগামে ব্যাপক তল্লাশি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ৫০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে। (Lateef Bhat Encounter)
তবে পরপর দুটি জঙ্গি দমন অভিযানে লতিফ ও নিসারের মৃত্যুকে গত ১১ নভেম্বরের হামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছে নিরাপত্তাবাহিনী।













