জগদ্ধাত্রী পুজো মানেই ভক্তি, নিষ্ঠা আর সাবেকি রীতিনীতির মেলবন্ধন। দেবী জগদ্ধাত্রীর আরাধনায় মেতে ওঠেন অসংখ্য মানুষ। তবে এই পুজোর অন্যতম আকর্ষণ কুমারী পুজো। যেখানে এক কন্যা শিশুকে দেবীর রূপ দর্শন করেন ভক্তরা। ফুল, মন্ত্র আর পুজোর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারীকে দেবীজ্ঞানে আরাধনা করা হয়। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার ঘোষ বাড়িতেও এবার সেই চেনা রীতির অন্যরকম এক আবেগঘন ছবি ধরা পড়ল। জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথিতে দেবীর আসনে বাড়িরই ছোট্ট সদস্য।
দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার ঘোষ বাড়িতে নিয়ম-নিষ্ঠা মেনে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এবার এই পুজোর তৃতীয় বর্ষ। আর সেই উপলক্ষেই অষ্টমী তিথিতে আয়োজন হয় কুমারী পুজো। ১১ বছরের এক শিশুকন্যাকে দেবীজ্ঞানে পুজো করা হয়। কুমারী হয়েছে ঘোষ পরিবারের ছোট্ট সদস্য সুদীক্ষা ঘোষ। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুদীক্ষার কাছে এদিনের অভিজ্ঞতা ছিল একেবারেই অন্যরকম। (Garia Jagaddhatri Puja Kumari Puja)
সুদীক্ষা জানায়, দাদু-ঠাম্মির বাড়ির জগদ্ধাত্রী পুজোয় এবার তাকে কুমারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। পুজোর সময় বাড়ির লোকজন থেকে শুরু করে উপস্থিত ভক্তরা সকলেই তাকে দেবীর রূপে পুজো করেন। কেউ ফুল দেন, কেউ প্রণাম করেন। আর দেবীর আসনে বসে সেও সকলকে আশীর্বাদ করে। ছোট্ট সুদীক্ষার কথায়, এই অভিজ্ঞতা তার কাছে এক সুন্দর ও অন্যরকম অনুভূতি।
কেন হয় কুমারী পুজো?
পুজোর অন্যতম আকর্ষণ এই কুমারী আরাধনা নিয়ে পূজারী নিলয় ঘোষ জানান, হিন্দুধর্মের অন্যতম প্রাচীন একটি রীতি হলো কুমারী পুজো। দুর্গাপুজো হোক কিংবা জগদ্ধাত্রী পুজো, কুমারী কন্যার মধ্যে দেবীর রূপ কল্পনা করে তাঁর আরাধনা করা হয়। এই রীতির মূল ভাবনা হল, নারীকে দেবীর আসনে প্রতিষ্ঠা করা। আমাদের বাড়ির মা, বোন কিংবা মেয়েরাও যে সম্মান ও শ্রদ্ধার যোগ্য, সেই বার্তাই বহন করে এই পুজো। তাঁর কথায়, যতদিন এই প্রাচীন রীতি মেনে চলা হবে, ততদিন সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।
শুধু ঘোষ পরিবারের সদস্যরাই নন, প্রতি বছর এই পুজো দেখতে ভিড় জমান এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষও। মায়ের জন্য থাকে বিশেষ ভোগ নিবেদনের ব্যবস্থা। পুজোর আনন্দে সামিল হন এলাকার বহু মানুষ। অষ্টমীর কুমারী পুজো শেষ হলেও নবমীতে থাকছে আরও নানা ধর্মীয় আয়োজন। পূজারী নিলয় ঘোষ জানিয়েছেন, নবমী তিথিতে বিশেষ হোম ও বলিদানের আয়োজন করা হবে।
সব মিলিয়ে, গড়িয়ার ঘোষ বাড়ির জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো শুধুই একটি ধর্মীয় আচার নয়, বরং পরিবারের ঐতিহ্য, নারীশক্তির প্রতি শ্রদ্ধা এবং ছোট্ট সুদীক্ষার জীবনে এক বিশেষ স্মৃতি হয়ে রইল। দেবীর আরাধনার মধ্য দিয়ে নারীকে সম্মান জানানোর এই প্রাচীন রীতি আজও যে কতটা প্রাসঙ্গিক, সেই বার্তাই যেন দিল ঘোষ বাড়ির অষ্টমীর কুমারী পুজো।












