ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাফ জয়ের উচ্ছ্বাস, পাকিস্তান-বধের নায়ক সন্দীপকে ঘিরে বিমানবন্দরে উৎসব

Sandip Mandi
---Advertisement---

আন্তর্জাতিক ফুটবলে ট্রফি জিতে দেশে ফিরছেন ভারতীয় ফুটবলাররা, আর তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে ঢাকঢোল নিয়ে হাজির ফুটবলপ্রেমীরা। বাঙালি কোনও ফুটবলারের হাত ধরে দেশের এমন সাফল্য উদ্‌যাপনের দৃশ্য শেষ কবে দেখা গিয়েছে, মনে করা কঠিন। বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে বাংলাদেশ থেকে সাফ কাপ জয়ের হ্যাটট্রিক করে দমদম বিমানবন্দরে ফিরল ভারতীয় দল। কোচ নৌশাদ মুসা, জয়সূচক গোলদাতা (Sandip Mandi) সন্দীপ মান্ডি এবং সর্বোচ্চ গোলদাতা সুহেল ভাটকে ঘিরে বিমানবন্দরে তৈরি হল উৎসবের আবহ।

সন্দীপের গোলে সাফল্যের মুকুট

টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশীয় ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ভারত। এই সাফল্যে বিশেষ অবদান বাংলার। কল্যাণীর ছেলে (Sandip Mandi) সন্দীপ মান্ডির হেড থেকেই আসে জয়সূচক গোল। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে কঠিন লড়াইয়ের কথা জানিয়ে সন্দীপ বলেন, “ওদের বেশ কয়েকজন ফুটবলার ইউরোপে খেলে। গুণগত মানের দিক থেকে ওরা এগিয়ে ছিল। তবে আমরা জয়ের জন্য মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত লক্ষ্যপূরণ করতে পেরে ভাল লাগছে।” কৃতিত্ব অবশ্য সতীর্থদেরই দিয়েছেন তিনি।

Sandip Mandi 1
IFA সচিব অনির্বাণ দত্ত এবং রাকেশ ঝাঁ সন্দীপ মান্ডিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান

বিমানবন্দরে সংবর্ধনা, আদিবাসী প্রথায় বরণ

ভারতীয় দলকে স্বাগত জানায় রাজ্য ফুটবল সংস্থা IFA। সচিব অনির্বাণ দত্ত এবং যুগ্ম সচিব মহম্মদ জামাল ও রাকেশ ঝাঁ ফুটবলারদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। (Sandip Mandi) সন্দীপকে ঘিরে উন্মাদনা ছিল সবচেয়ে বেশি। কল্যাণী থেকে আসা আদিবাসী পাড়ার মানুষজন নিজস্ব প্রথায় তাঁকে বরণ করেন। এরপর বাবা-মায়ের স্নেহের আলিঙ্গন। বাড়ি ফেরার পর কল্যাণীর নিজের পাড়াতেও অপেক্ষা করছে আরও একপ্রস্থ সংবর্ধনা।

Sandip Mandi 2
আদিবাসী প্রথায় ফুটবলার সন্দীপ মান্ডিকে বরণ

ফুটবল পরিবার থেকে জাতীয় দলের নায়ক

ফুটবলের সঙ্গে সন্দীপের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। কাকা সাগ্রাম মান্ডি প্রাক্তন মোহনবাগান ফুটবলার, বাবা সুন্দর মান্ডি খেলেছেন রেলওয়ে এফসিতে। সেই ফুটবল পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি (Sandip Mandi) সন্দীপ। বর্তমানে ইস্টবেঙ্গলের হয়ে নিয়মিত একাদশে জায়গা পাকা করার লড়াইয়ে রয়েছেন তিনি। আনোয়ার আলি চোটের কারণে বাইরে থাকায় সন্দীপের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও রয়েছে। তার মধ্যেই জাতীয় দলের জার্সিতে সাফ জয় এবং ফাইনালে জয়সূচক গোল তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।

২৯ বছর পর ফের সাফ চ্যাম্পিয়ন নৌশাদ

কোচ নৌশাদ মুসার কাছেও এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। ২৯ বছর আগে ফুটবলার হিসেবে সাফ জিতেছিলেন, এবার কোচ হিসেবে সেই অভিজ্ঞতা ফিরে পেলেন। কার্যত তৃতীয় সারির ভারতীয় দল নিয়ে বাংলাদেশের মাটিতে অভিযান চালাতে হয়েছিল তাঁকে। শুরু থেকেই মাঠের ভিতরে ও বাইরে একাধিক সমস্যার মুখোমুখি হতে হয় দলকে। তবে ফুটবলারদের দক্ষতার উপর আস্থা রেখেছিলেন কোচ। সেই আস্থারই প্রতিফলন চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে।

সর্বোচ্চ গোলদাতা সুহেল ভাটের লক্ষ্য এবার ক্লাব

চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন মোহনবাগান সুপার জায়ান্টের কাশ্মীরি স্ট্রাইকার সুহেল ভাট। ফাইনালে ভারতের সমতাসূচক গোলটিও এসেছিল তাঁর পা থেকে। নিজের গোলের কৃতিত্ব বাবা-মা ও পরিবারকে উৎসর্গ করেছেন তিনি। এবার ক্লাবের হয়েও গোল করার ধারাবাহিকতা বজায় রাখতে চান সুহেল।

বিমানবন্দরে সফল ক্রীড়াবিদদের সংবর্ধনা নতুন নয়। তবে সেই পরিচিত ছবিতে ফুটবলারদের উপস্থিতি ছিল অনেকটাই কম। জগদ্ধাত্রী পুজোর আবহে ভারতীয় দলের সাফ জয় এবং (Sandip Mandi) সন্দীপ মান্ডিকে ঘিরে জনতার উচ্ছ্বাস যেন সেই শূন্যস্থানই পূরণ করল।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now