মুম্বইয়ের রাস্তায় ই-রিকশার স্টিয়ারিং হাতে প্রিন্স উইলিয়াম। পাশে বসে রয়েছেন স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মঙ্গলবার সকালে এমনই এক অন্যরকম দৃশ্য দেখা গেল মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্ক প্রোমেনেডে। ২০২৬ সালের আর্থশট প্রাইজের ১৫ জন চূড়ান্ত প্রতিযোগীর সঙ্গে দেখা করতে গিয়ে নিজেই ই-রিকশা চালালেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। তাঁর সঙ্গে ছিলেন কেট মিডলটনও। ব্রিটিশ রাজদম্পতির এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই নজর কেড়েছে। (Prince William Mumbai E-Rickshaw Ride)
আর্থশট প্রাইজের প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ
মঙ্গলবার সকালে বান্দ্রা-ওরলি সি লিঙ্কের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় কাজ করা ১৫ জন উদ্ভাবকের সঙ্গে দেখা করেন প্রিন্স উইলিয়াম ও কেট। ২০২৬ সালের আর্থশট প্রাইজের জন্য তাঁদের প্রকল্পগুলি চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। পরিবেশের বিভিন্ন সমস্যা সমাধানে এই উদ্ভাবকেরা কীভাবে কাজ করছেন, তা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন রাজদম্পতি। এদিন ই-রিকশা চালিয়ে কিছুটা অন্য মেজাজে ধরা দেন উইলিয়াম। অন্যদিকে, কেটও তাঁর সঙ্গে সকালের অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, প্রথমে কেটের শুধু সন্ধ্যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। পরে তিনি সকালের কর্মসূচিতেও যোগ দেন। (Prince William Mumbai E-Rickshaw Ride)
আগের দিন সচিনের সঙ্গে গলি ক্রিকেট ও চা-চক্র
এর আগের দিন, সোমবারও মুম্বইয়ের সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান প্রিন্স উইলিয়াম ও কেট। বলার্ড এস্টেটে স্কুলপড়ুয়াদের সঙ্গে গলি ক্রিকেট খেলেন তাঁরা। সেই খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। ভিডিয়োয় দেখা যায়, ব্যাট হাতে খেলছেন উইলিয়াম। শিশুদের সঙ্গে ব্যাট করতে দেখা যায় কেটকেও। সচিনকে ফিল্ডিং করতেও দেখা যায়। ক্রিকেট খেলার পর বলার্ড এস্টেটের একটি রাস্তার ধারের চায়ের দোকানে যান রাজদম্পতি। সেখানে সচিনের সঙ্গে মাটির ভাঁড়ে চা পান করেন উইলিয়াম ও কেট। স্থানীয়দের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁদের। তিন দিনের ভারত সফরে মুম্বইয়ের সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে নিচ্ছেন ব্রিটেনের এই রাজদম্পতি। (Prince William Mumbai E-Rickshaw Ride)
সন্ধ্যায় আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী
মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে আয়োজিত হওয়ার কথা ২০২৬ সালের আর্থশট প্রাইজের ষষ্ঠ সংস্করণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তার আগে পরিবেশ রক্ষায় কাজ করা প্রতিযোগীদের সঙ্গে দেখা করে তাঁদের উদ্যোগ সম্পর্কে জানলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। (Prince William Mumbai E-Rickshaw Ride)












