তারকাখচিত বিয়ে মানেই জাঁকজমক, পুরোহিত, মন্ত্রোচ্চারণ আর একাধিক ধর্মীয় আচার। কিন্তু সেই চেনা পথেই হাঁটলেন না সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং তাঁর স্ত্রী কাব্য মারান। গ্রিসে তাঁদের বিয়েতে ছিল না প্রচলিত বৈদিক রীতিনীতি। বরং একে অপরের গলায় মালা এবং একই ধরনের বিশেষ চেন পরিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা। তাঁদের এই বিয়ের ধরনই ‘সেলফ রেসপেক্ট ম্যারেজ’। কিন্তু কী এই বিশেষ বিয়ের রীতি? কেনই বা এমনভাবে বিয়ে করলেন তারকা জুটি?
গত ১১ নভেম্বর গ্রিসে বসেছিল অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের আসর। তার আগের দিন অর্থাৎ ১০ নভেম্বর হয়েছিল তাঁদের বাগদানের অনুষ্ঠান। বিয়ের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নজর কাড়ে দু’জনের গলায় একই ধরনের পেনড্যান্ট এবং মালাবদলের মুহূর্ত। ডিএমকের আইটি উইংয়ের সচিব ডিআরবি রাজা পরে জানান, দু’জনে সেলফ রেসপেক্ট ম্যারেজের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজনীকান্ত, এম কে স্ট্যালিন-সহ দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। (Anirudh Kavya Self Respect Marriage)
কী এই সেলফ রেসপেক্ট ম্যারেজ?
এই বিয়ের রীতির শিকড় রয়েছে তামিলনাড়ুর সমাজসংস্কার আন্দোলনে। সমাজসংস্কারক পেরিয়ার ইভি রামস্বামী শুরু করেছিলেন ‘সেলফ রেসপেক্ট মুভমেন্ট’। জাতপাতের বিভেদ, সামাজিক বৈষম্য এবং পুরুষতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে ছিল এই আন্দোলন। এর অন্যতম লক্ষ্য ছিল মানুষের ব্যক্তিগত সম্মান, স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা।
এই ভাবনা থেকেই তৈরি হয় সেলফ রেসপেক্ট ম্যারেজ। যেখানে বিয়ের জন্য পুরোহিত, মন্ত্রপাঠ কিংবা জটিল ধর্মীয় আচার বাধ্যতামূলক নয়। বরং দু’জনের সম্মতি এবং একে অপরের প্রতি অঙ্গীকারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালাবদল, আংটি বা চেন বিনিময়ের মাধ্যমে সাক্ষীদের সামনে বিয়ে সম্পন্ন করা যায়।
১৯৬৭ সালে হিন্দু বিবাহ আইনে সংশোধনের মাধ্যমে তামিলনাড়ুতে এই বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। আইনের ৭-এ ধারায় এই ধরনের বিয়ের বৈধতা স্বীকার করা হয়েছে।
১ নভেম্বর চেন্নাইয়ে গ্র্যান্ড রিসেপশন
অনিরুদ্ধ ও কাব্য বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছেন। ২০২৫ সালে নিউ ইয়র্কের রাস্তায় দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
গ্রিসের বিয়েতে উপস্থিত ছিলেন রজনীকান্ত, এম কে স্ট্যালিন এবং উদয়নিধি স্ট্যালিন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বিয়ের রিসেপশন হওয়ার কথা। সেখানে বিনোদন, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট জগতের বহু পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।













