নদীয়ার তাহেরপুরে কালীপুজোর বিসর্জন চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুলছাত্রীর। বিসর্জনের শোভাযাত্রায় থাকা জেনারেটরে চুল জড়িয়ে গুরুতর আঘাত পান ওই কিশোরী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত ছাত্রীর নাম দিয়া সরকার। বয়স আনুমানিক ১৮ বছর। সে বাদকুল্লা বাপুজি নগর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী।(Nadia Schoolgirl Death Generator Accident)
কীভাবে ঘটল দুর্ঘটনা?
ঘটনাটি নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির উদ্যোগে প্রতিবছর কালীপুজোর আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছিল। গড়িয়াপোতা ঘাটে প্রতিমা বিসর্জন দিয়ে ফিরছিলেন উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা। সেই শোভাযাত্রাতেই ছিল মাইক বাজানোর জন্য জেনারেটর। অভিযোগ, শোভাযাত্রার সময় গানের তালে নাচছিলেন দিয়া। আচমকাই কোনওভাবে ভারসাম্য হারিয়ে পড়ে যান। সেই সময় তাঁর মাথার চুল জেনারেটরের যন্ত্রাংশে জড়িয়ে যায়। এর জেরে মাথায় সজোরে আঘাত লাগে তাঁর। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ছাত্রী। স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জেনারেটর বন্ধ হয়ে যায়। তবে ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দিয়ার। (Nadia Schoolgirl Death Generator Accident)
তদন্তে তাহেরপুর থানার পুলিশ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তাহেরপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। সেখানে মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। দুর্ঘটনার পর বিসর্জনের শোভাযাত্রায় ব্যবহৃত গাড়ি এবং জেনারেটর-সহ ইঞ্জিন ভ্যানটি আটক করেছে পুলিশ। সেগুলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। একাদশ শ্রেণির ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাদকুল্লা বাপুজি নগর এলাকায়। (Nadia Schoolgirl Death Generator Accident)











