শশাঙ্ক মণ্ডল
সুন্দরবনের খাঁড়িবহুল উপকূলীয় জনপদের দৈনন্দিন লড়াই কারও অজানা নয়। ঝড়, জলোচ্ছ্বাস আর প্রকৃতির সঙ্গে যুঝে বেঁচে থাকা এই অঞ্চলের প্রতিটি গ্রামেই প্রায় ঘরে ঘরে রয়েছে গবাদি পশু। কিন্তু সেই গবাদি পশুর গোবর এতদিন বড়জোর জমিতে জৈব সার কিংবা রোদে শুকিয়ে ঘুঁটে হিসেবে ব্যবহার করা হতো। বর্ষাকালে সেই ঘুঁটের সিংহভাগই নষ্ট হয়ে যেত, ফলে কাঠের উনুনে রান্না করতে হতো। সুন্দরবনের সেই চেনা ছবিটাই এবার বদলে দিতে শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ব্লক প্রশাসন। গরুর গোবরকে বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণ করে রান্নার বায়োগ্যাস উৎপাদনের দিশা দেখাল প্রশাসন, যা সুন্দরবনের প্রত্যন্ত জাঙ্গালিয়া গ্রামের মানুষের কাছে রূপকথা সত্যি হওয়ার মতো এক অভিজ্ঞতা। (Sundarbans Biogas Project)
কেন্দ্রীয় সরকারের ‘VB-G RAM G’ প্রকল্পের হাত ধরে এই অভিনব সবুজ শক্তির রূপায়ণ শুরু হয়েছে। প্রকল্পের মূল সুবিধা হলো, এটি একদিকে গ্রামীণ কর্মসংস্থান তৈরি করছে, অন্যদিকে গৃহস্থালিকে জ্বালানিতে স্বনির্ভর করে তুলছে। জয়নগর-১ এর বিডিও-র দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ১০০ দিনের কাজ বন্ধ থাকার কারণে গ্রামীণ অর্থনীতিতে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটাতে এই নতুন প্রকল্পের আওতায় মানুষকে ১২৫ দিনের নিশ্চিত কর্মদিবস দেওয়ার কাজ শুরু হয়েছে। ব্লকে রূপায়ণের জন্য চিহ্নিত প্রায় ৩৭২টি প্রকল্পের মধ্যে পরিবেশবান্ধব এই গোবর গ্যাস প্ল্যান্টকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। (Sundarbans Biogas Project)
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে জয়নগরজুড়ে ৭৩ জন এমন ‘মাল্টিপল ক্যাটেল ফার্মার’ বা একাধিক গবাদি পশুর মালিককে চিহ্নিত করা হয়েছে, যাঁদের নিয়মিত পর্যাপ্ত গোবর পাওয়ার নিশ্চয়তা রয়েছে। এই তালিকার ভিত্তিতে জয়নগরের জাঙ্গালিয়া গ্রামে পাইলট প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়েছে প্রথম দুটি গোবর গ্যাস প্ল্যান্ট। ইতিমধ্যে সেই প্ল্যান্ট থেকে নিরবচ্ছিন্নভাবে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এছাড়া আরও ৭টি প্ল্যান্ট তৈরির কাজ প্রায় শেষের মুখে।
এই প্রকল্পের সবচেয়ে বড় মানবিক ও স্বাস্থ্যকর দিকটি লুকিয়ে রয়েছে সুন্দরবনের নারীদের জীবনমানের সুরক্ষায়। উপকূলবর্তী লবণাক্ত আবহাওয়ায় বসবাস করার কারণে সুন্দরবনের মানুষের চোখে অল্প বয়সেই ছানি পড়া বা দৃষ্টিশক্তির দুর্বলতার মতো নানা সমস্যা দেখা দেয়। তার ওপর দিনরাত কাঠের উনুনে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে চোখ ও ফুসফুসের ক্ষতি চরম আকার ধারণ করত। গোবর গ্যাস চালু হওয়ায় সেই অভিশাপ থেকে মুক্তি মিলেছে।(Sundarbans Biogas Project)
জাঙ্গালিয়ার গৃহবধূ শেফালী নস্কর যেমন আবেগাপ্লুত কণ্ঠে জানালেন, “আমরা কখনও কল্পনাও করতে পারিনি যে গোবর দিয়ে এমন গ্যাস তৈরি হবে যা দিয়ে সিলিন্ডারের মতো রান্না করা যাবে। আগে বর্ষায় গোবর পচে নষ্ট হতো, ঘুঁটে দিতে গিয়ে সময় যেত। এখন সব রান্না গোবর গ্যাসেই হচ্ছে।” টগরী হালদারও একই সুরে বললেন, “সকালের চা, দুধ ফোটানো থেকে শুরু করে দুপুরের গোটা রান্না—সবটাই এখন হচ্ছে গোবর গ্যাসে। সিলিন্ডারের চড়া খরচের হাত থেকেও রেহাই পাওয়া যাচ্ছে।”
জয়নগর-১ এর বিডিও জানিয়েছেন, গোটা জেলায় এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনবীকরণযোগ্য ও বাণিজ্যিক এলপিজি-র ঘাটতি ও আকাশছোঁয়া দামের বাজারে এই জৈব গ্যাস প্রকল্প গ্রামীণ অর্থনীতির ভারসাম্য ধরে রাখতে বিরাট ভূমিকা নেবে। জাঙ্গালিয়ার এই দুই প্ল্যান্টের সাফল্য এখন সুন্দরবনের অন্যান্য ব্লকের কাছেও এক পরিবেশবান্ধব মডেল হয়ে উঠেছে।(Sundarbans Biogas Project)










