দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি। এই দুর্ঘটনায় মৃত্যু হলো কুলতলির মৎস্যজীবী সামসুদ্দিন লস্করের। তাঁর সঙ্গে থাকা অন্য তিন মৎস্যজীবী প্রাণে বাঁচলেও নদীতে তলিয়ে যান সামসুদ্দিন। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় স্ত্রী ও তিন সন্তান। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। (Sundarbans Boat Accident)
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সকালে কুলতলির পূর্ব গোপালগঞ্জের বাসিন্দা সামসুদ্দিন লস্কর চার সঙ্গীকে নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন। কালিবেরা জঙ্গল সংলগ্ন বিদ্যাধরী নদীর কালিপাড়া এলাকায় মাছ ধরছিলেন তাঁরা। সারাদিন মাছ ধরার পর রাতে নৌকাতেই বিশ্রাম নিচ্ছিলেন মৎস্যজীবীরা।অভিযোগ, সেই সময় সমুদ্রের দিক থেকে ফিরে আসা একটি মাছ ধরার ট্রলার তাঁদের নৌকায় সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে নৌকাটি ডুবে যায়। নদীতে পড়ে যান মৎস্যজীবীরা। তিনজন কোনওরকমে প্রাণে বাঁচেন। তাঁদের উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ হয়ে যান সামসুদ্দিন। (Sundarbans Boat Accident)
দীর্ঘ তল্লাশির পর উদ্ধার দেহ
ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে মৈপিঠ কোস্টাল থানার পুলিশ। মৎস্য দফতরও নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালায়। শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পরে তাঁকে জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কুলতলী থানার পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে। তবে ডুবে যাওয়া নৌকাটির এখনও খোঁজ মেলেনি। সেটির সন্ধানেও তল্লাশি চলছে।
পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন
সামসুদ্দিনের মৃত্যুতে কার্যত অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসার চালাতেন তিনি। মাছ ধরাই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কীভাবে সংসার চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পরিজনেরা। এপিডিআরের সদস্য মিঠুন মণ্ডল অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের দাবিও উঠছে। (Sundarbans Boat Accident)











