ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অশুতোষ দীক্ষিত (Asutosh Dixit)। বর্তমানে বায়ুসেনার ভাইস চিফ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগামী ৩১ অক্টোবর বিকেলে দেশের ২৯তম এয়ার চিফ মার্শাল হিসেবে দায়িত্ব নেবেন দীক্ষিত। ওই দিনই বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং অবসর নেবেন।
প্রায় চার দশকের দীর্ঘ কেরিয়ারে বায়ুসেনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আশুতোষ। বিশেষ করে দেশের নিজস্ব যুদ্ধবিমান তৈরির প্রকল্প, যার মধ্যে রয়েছে লাইট কমব্যাট এয়ারক্রাফট (এলসিএ) তেজস, সেখানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রায় ৩৫০০ ঘণ্টা উড়ানের অভিজ্ঞতা
১৯৬৬ সালের ৯ ডিসেম্বর জন্ম অশুতোষ দীক্ষিতের। ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেন তিনি। পরীক্ষামূলক বিমান চালানো এবং প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এখনও পর্যন্ত ৩৫০০ ঘণ্টারও বেশি সময় বিভিন্ন ধরনের বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে দীক্ষিতের।
মিরাজ-২০০০, মিগ সিরিজের বিভিন্ন বিমান, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক এবং তেজসের মতো যুদ্ধবিমান ও সামরিক বিমান উড়িয়েছেন তিনি। অপারেশন সাফেদ সাগর, অপারেশন রক্ষক এবং অপারেশন সিঁদুরেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।
একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন দীক্ষিত। তিনি মিরাজ-২০০০ স্কোয়াড্রনের কমান্ডার ছিলেন। পাশাপাশি পশ্চিম সেক্টরের একটি গুরুত্বপূর্ণ ফাইটার এয়ারবেস এবং দক্ষিণ সেক্টরের একটি ফাইটার ট্রেনিং বেসেরও নেতৃত্ব দিয়েছেন।
সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে ভাইস চিফ
ভাইস চিফ হওয়ার আগে অশুতোষ দীক্ষিত (Asutosh Dixit) সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের অধীনে চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের দায়িত্বও সামলেছেন তিনি।
ভেঙেছে মাথার হাড়, জরুরি অস্ত্রোপচার ফ্লাইদুবাই বিমানের নায়ক স্মিত মাচ্ছারের
বায়ুসেনার নীতি ও পরিকল্পনার ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ডেপুটি চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব পালনের সময় পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং বায়ুসেনার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় দেখেছেন তিনি। এয়ার হেডকোয়ার্টার্সে এয়ার স্টাফ রিকোয়্যারমেন্টসের প্রিন্সিপাল ডিরেক্টর এবং প্রজেক্টস ও প্ল্যানস বিভাগের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবেও কাজ করেছেন।
এর আগে সাদার্ন এয়ার কমান্ডের এয়ার ডিফেন্স কমান্ডার এবং সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসারের দায়িত্বও ছিল তাঁর কাঁধে।
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী আশুতোষ দীক্ষিত বাংলাদেশে স্টাফ কোর্স সম্পূর্ণ করেন। পরে নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেও পড়াশোনা শেষ করেন। দীর্ঘ কর্মজীবনে একাধিক সামরিক সম্মান পেয়েছেন তিনি। ২০০৬ সালে বায়ুসেনা পদক, ২০১১ সালে বিশিষ্ট সেবা পদক, ২০২৩ সালে অতি বিশিষ্ট সেবা পদক এবং ২০২৬ সালে পরম বিশিষ্ট সেবা পদকে সম্মানিত হন অশুতোষ দীক্ষিত।









