মণিপুরে ফের হিংসার ঘটনা। কামজং জেলায় গুলিতে মৃত্যু হল এক মহিলার। পাশাপাশি, একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত থেকে এলাকায় গুলি চলার ঘটনা ঘটে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে। (Manipur Violence) প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ৯টা ৪০ মিনিট নাগাদ কামজং জেলার চাসাদ গ্রামে ঘটনাটি ঘটে। নাগা-অধ্যুষিত কামজং জেলার এই গ্রামটি কুকি-অধ্যুষিত। মৃত মহিলার নাম ডমখোনেই টাউথাং। তিনি পাঁচ সন্তানের মা। গুলিতে তাঁর গলার কাছে আঘাত লাগে। এর পর কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। (Manipur Violence)
রাতভর গুলি, আগুন একাধিক বাড়িতে
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। রাতভর গুলি চলার খবর পাওয়া যায়। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গুলি ও অগ্নিসংযোগের ঘটনা চলছিল বলে জানা গিয়েছে। ঠিক কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। (Manipur Violence)
জমায়েতে নিষেধাজ্ঞা প্রশাসনের
পরিস্থিতি আরও খারাপ হওয়া আটকাতে চাসাদ পুলিশ গেট জংশনের ৪০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬২ নম্বর ধারায় এই নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। তবে নিরাপত্তাকর্মী, কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
নিরপেক্ষ তদন্তের দাবি
ডমখোনেইয়ের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে কুকি-জো উইমেন্স ফোরাম, দিল্লি ও এনসিআর। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে মৃতার পাঁচ সন্তান-সহ পরিবারের সদস্যদের আর্থিক, মানসিক ও মানবিক সহায়তার আবেদন জানিয়েছে সংগঠনটি। মণিপুরে চলতে থাকা সংঘর্ষের মধ্যে মহিলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তারা। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। (Manipur Violence)











